পুঁজিবাজারে সাড়ে ৪ মাস পর লেনদেন ছয়শ কোটির ঘরে
সবশেষ ছয়শ কোটির ঘরে লেনদেন হয় ২৫ ফেব্রুয়ারি। সেদিন ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ডিএসইতে।
প্রায় সাড়ে চার মাস পর ছয়শ কোটি টাকার ঘরে লেনদেন দেখল ঢাকা স্টক এক্সচেঞ্চ (ডিএসই)।
মঙ্গলবার দেশের অন্যতম এ পুঁজিবাজারে শেয়ার হাতবদল হয় ৬০১ কোটি ৭৫ লাখ টাকার, যা আগের দিন ছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ।
এদিন সকাল থেকে লেনদেন চলে মিশ্রধারায়। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয় ৫ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৪ হাজার ৯৭৬ পয়েন্ট।
গত অক্টোবর থেকে এ নিয়ে পুঁজিবাজারে ছয়শ কোটি টাকার ওপরে লেনদেন হল মাত্র চার দিন। এর মধ্যে সবশেষ ছয়শ কোটির ঘরে লেনদেন হয় ২৫ ফেব্রুয়ারি। সেদিন ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ডিএসইতে।
তারল্য সংকট ও নানা বিতর্কের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী পতনের ধারায় চলতে থাকা পুঁজিবাজারে লেনদেন ও সূচকে হঠাৎ উল্লম্ফন হয় গত অগাস্টের প্রথম সপ্তাহে; আওয়ামী লীগ সরকারের পতনের পর।
এর মধ্যে ১১ অগাস্ট লেনদেন ঠেকে দুই হাজার কোটি টাকার ঘরে। সেদিন সূচক দাঁড়ায় ৬ হাজার ১৫ পয়েন্ট।
দর সংশোধনে থাকলেও পরের মাস পর্যন্ত সূচক ৫ হাজারের ঘরেই ছিল। কিন্তু অক্টোবর থেকে সূচক ও লেনদেন কমতে থাকে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনে আসা ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৫৮টির, কমে ১৯১টির, আগের দরে হাতবদল হয় ৪৯টির।
আগের দিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাওয়ার পর দিনই দর সংশোধনে গেল বেশিরভাগ খাত। এর মধ্যে বস্ত্র, প্রকৌশল ও মিউচুয়াল ফান্ডের দর সংশোধন হয় সবচেয়ে বেশি।
আগের দিনের মত লেনদেনে শীর্ষে থাকে ব্যাংক খাত, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতের কোম্পানি। সর্বোচ্চ ৯৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয় ব্যাংক খাতে।
দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোতে হাতবদল হয় ৮৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। ৬৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয় বস্ত্র খাতে।
দিন শেষে দর বৃদ্ধিতে শীর্ষে উঠে আসে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, রহিমা ফুড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
সবচেয়ে বেশি দর হারায় প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বিডিওয়েল্ডিং ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুায়াল ফান্ড।
