২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা আত্মসাৎ: রিং শাইনের ৫ উদ্যোক্তা পরিচালকসহ ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

একই সঙ্গে নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন আব্দুল কাদের ফারুক; দুদকের আবেদনে যার পরিচয় দেওয়া হয়েছে ফার গ্রুপের চেয়ারম্যান হিসেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ঢাকা ইপিজেডের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে ‘ভুয়া কাগজ’ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ থাকায় রিং শাইনের ৫ উদ্যোক্তা পরিচালকসহ ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

একই সঙ্গে নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন আব্দুল কাদের ফারুক; দুদকের আবেদনে যার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান হিসেবে।

বৃহস্পতিবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

যাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- রিং শাইনের উদ্যোক্তা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, রিং শাইনের উদ্যোক্তা পরিচালক সুং জাই মিন, শেয়াও ইয়েন শিন ও সুং চুং ইয়াও এবং রিং শাইনের উদ্যোক্তা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সুং ওয়ে মিন। 

এছাড়া চার বিদেশি নাগরিক শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, হ্যাং সিউ লাই ও শিয়াও হাই হে এর বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম আদালতের আদেশের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে করা দুদকের আবেদনে বলা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক ঢাকা ইপিজেডে স্থাপিত বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল লি. এর চলতি মূলধন ছিল না। এর পরও কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে ‘ভুয়া শেয়ারহোল্ডার ও সব ধরনের কাগজপত্র জালিয়াতি’ করে শেয়ারবাজারে আইপিওতে অন্তর্ভুক্ত করে। 

এর মাধ্যমে সংঘবদ্ধভাবে ২৭৫ কোটি টাকার ‘আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ’ করার অভিযোগ এনে আবেদনে বলা হয়, ফারুক ওই কোম্পানির সঙ্গে এমওইউ সই করে অর্জিত অর্থের ৪০/৬০ শতাংশের বিনিময়ে ‘জালিয়াতি করে’। এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে জানা গেছে। এ অবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

দেশের পুঁজিবাজারে ২০১৯ সালে আইপিও এর মাধ্যমে তালিকাভুক্ত হয় রিং শাইন। ওই সময় ১৫০ কোটি টাকা তুলেছিল ডিইপিজেডের কোম্পানিটি। এক বছর না যেতেই সংকট দেখা দেয় কোম্পানিটিতে। ২০২০ সালের সেপ্টেম্বরে কারখানা এক মাস বন্ধ থাকার তথ্য দেয় কোম্পানিটি। পরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ২৭৫ কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।