২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দিন পর পুঁজিবাজারে সংশোধন, ছোট মূলধনীর বড় পতন

ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে লোকসান দিলেও প্রথম প্রান্তিকে বড় মুনাফার তথ্যে লাফ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্টের দর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 03:07 PM

Updated : 30 Apr 2023, 04:14 PM

টানা নয় কর্মদিবসে ৭৭ পয়েন্ট সূচক বাড়ার পর সূচক ও লেনদেন দুটোই কমল ঢাকা স্টক এক্সচেঞ্জে।

টানা সূচক বাড়ার সময় স্বল্প মূলধনী যেসব কোম্পানির শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, দর সংশোধনের ঝাপটা বেশি পড়ল সেগুলোর ওপর।

তবে এই দর সংশোধনের দিন তিন বছর পর প্রান্তিক প্রতিবেদনে মুনাফায় উল্লম্ফন ঘটা বহুজাতিক একটি কোম্পানির দর বেড়েছে ২০ শতাংশের বেশি। কয়েক বছর পর উৎপাদনে ফেরা একটি কোম্পানির শেয়ারদর একদিন বিরতি শেষে আবার দিয়েছে লাফ।

প্রান্তিক প্রতিবেদনে মুনাফা কিছুটা বাড়ার তথ্য দেওয়া স্বল্প মূলধনী আরও কয়েকটি কোম্পানির দরও বেড়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে তার দ্বিগুণেরও বেশি কোম্পানির। আবার দর বৃদ্ধির তুলনায় পতনের হার ছিল বেশি।

দিন শেষে বেড়েছে ৪৪টির দর, হারিয়েছে ৯৮টি, ২০০ কোম্পানি লেনদেন হয় আগের দিনের দরে, যেগুলোর বেশিরভাগই ফ্লোর প্রাইসে আছে।

এদিনও ৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের কোনো ক্রেতা পাওয়া যায়নি।

বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে গড়াগড়ি করার চিত্র না পাল্টালেও কিছু কোম্পানিকে ফ্লোর ছাড়াতে দেখা গেছে।

ঈদের আগে ও পরে মিলিয়ে গত ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৯ কর্মদিবসে ৭৭ পয়েন্ট সূচক বেড়ে রোববারের লেনদেনের দিকে দৃষ্টি ছিল বিনিয়োগকারীদের। কারণ বৃহস্পতি ও শনিবার এক ঝাঁক কোম্পানির লভ্যাংশ ও আয় ব্যয়ের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ হয়েছে।

যেসব কোম্পানির প্রতিবেদন ভালো এসেছে, সেগুলোর শেয়ারধারীরা বিশেষভাবে ছিলেন উৎফুল্ল। অন্যদিকে যেগুলোর প্রতিবেদন খারাপ এসেছে, সেগুলোর বিনিয়োগকারীরা ছিলেন উৎকণ্ঠিত।

বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার ৩০ শতাংশ বাড়লেও লেনদেনের শুরুতেই কমে যায় ডিএসইর প্রধান সূচক। দিন শেষে ডিএসইএক্স কমেছে মোট ১১ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। ১২ এপ্রিল লেনদেন কোনো রকমে চারশ কোটি টাকার ঘর অতিক্রম করতে পারলেও ঈদের পর টানা চার কর্মদিবসে তা বেড়ে সাড়ে পাঁচ শ কোটি টাকার ঘর থেকে হাজার কোটি ছুইঁছুঁই হয়ে যায় বৃহস্পতিবার।

সেখান থেকে অনেকটাই কমে গেছে পরের কর্মদিবসেই। রোববার দিন শেষে হাতবদল হয়েছে ৬৯৩ কোটি ১৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ২৭৪ কোটি টাকা কম।

দর সংশোধণের দিন লেনদেনের পতন অবশ্য পুঁজিবাজারের এক সাধারণ চিত্র।

হাইডেলবার্গের ‘ভেলকি’

লভ্যাংশ ঘোষণার আগে চার কর্মদিবসে ৩৮ শতাংশের বেশি দর বেড়ে যাওয়া বহুজাতিক সিমেন্ট কোম্পানি গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি প্রায় সাড়ে চার টাকা লোকসানের তথ্য জানিয়েছে। তারপরও কোম্পানিটি শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।

সেই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬ টাকার বেশি মুনাফার তথ্য জানিয়েছে। এই তথ্য শেয়ারদরে হয়েছে আরও উত্থান। লভ্যাংশ ঘোষণার দিন দর বৃদ্ধির কোনো সীমা না থাকায় এদিন শেয়ারদর ২৪৭ টাকা ৮০ পয়সা থেকে ২২.৫৯ বেড়ে দিনে শেষে দাঁড়ায় ৩০৩ টাকা ৮০ টাকা।

পাঁচ বছর বন্ধ থাকার পর গত বছর উৎপাদনে ফেরা এরামেল্ড অয়েলের দরও লাফাচ্ছে। মার্চের শুরুতে ৩০ টাকার আশেপাশে হাতবদল হওয়া এ কোম্পানির দর দাঁড়িয়েছে ৬০ টাকা ছুঁই ছুঁই।

গত বছর লোকসান দেওয়া ক্রাউন সিমেন্ট এবার তিন প্রান্তিকেই দিয়েছে মুনাফার তথ্য। মার্চ শেষে তৃতীয় প্রান্তিক প্রতিবেদন ভালো আসার পর এই কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

ছয় বছর বন্ধ থাকার পর চলতি অর্থবছরে পরীক্ষামূলক উৎপাদনে ফেরা জুট স্পিনার্স, আগের দুই অর্থবছরের পাশাপাশি চলতি বছরের দুই প্রান্তিকে লোকসান শেষে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মুনাফার তথ্য দেওয়া হাক্কানি পাল্পও ছিল দর বৃদ্ধির শীর্ষ তালিকায়।

ইস্টার্ন হাউজিং, সিনোবাংলা, তিন প্রান্তিক মিলিয়ে এক টাকার বেশি আয়ের তথ্য দেওয়া রহিমা ফুড, নতুন তালিকাভুক্ত বীমা কোম্পানি ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংকও ছিল দর বৃদ্ধির শীর্ষ দশে।

হাইডেলবার্গ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৭.৯৪ শতাংশ দর বেড়েছে এমারেল্ড অয়েলের। বাকি ছয়টি কোম্পানির দর ৬ শতাংশের বেশি, একটির পাঁচ শতাংশের বেশি এবং তিনটির দর বেড়েছে ৪ শতাংশের বেশি।

শীর্ষ দশের বাইরে আরও দুটি কোম্পানির দর ৪ শতাংশের বেশি, সাতটির দর ৩ শতাংশের বেশি, তিনটির দর ২ শতাংশের বেশি এবং ৮টির দর বেড়েছে এক শতাংশের বেশি।

পতনের শীর্ষে এবার স্বল্প মূলধনী

শেয়ার সংখ্যা কম, এমন কোম্পানির প্রতিই বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা গেছে গত কয়েক মাসে। এবার দেখা গেল দরপতনের শীর্ষের প্রায় সব কোম্পানিই এ ধরনের।

এর মধ্যে এপেক্স ফুডস ও মনোস্পুল পেপারের দর সর্বোচ্চ ৮.৭৪ শতাংশ করে, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা ৮.৭৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৮.৭২ শতাংশ দর হারিয়েছে।

এক দিনে এই কোম্পানিগুলোর এর চেয়ে বেশি দর কমা সম্ভব ছিল না। এসব কোম্পানির মধ্যে এপেক্স ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন বিনিয়োগকারীদেরকে হতাশ করেছে। মনোস্পুলের প্রতিবেদন প্রকাশ হবে রোববার। বাকি দুটির মুনাফা অনেকটাই বেড়েছে। কিন্তু প্রতিবেদন প্রকাশের আগে অনেকটাই বেড়েছে শেয়ারদর।

এছাড়া প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা আমরা টেকনোলজি ৮.০৮ শতাং, ওরিয়ন ইনফিউশন ৭.৫৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৬.৩০ শতাংশ, ন্যাশনাল ফিডমিলস ৬.২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৫.৯৯ শতাংশ এবং কোহিনূর ক্যামিকেলস ৫.৮৮ শতাংশ দর হারিয়েছে।

শীর্ষ দশের বাইরে আরও চারটি কোম্পানি ৫ শতাংশের বেশি, ১৩টি কোম্পানি ৪ শতাংশের বেশি, ১৬টি করে কোম্পানি ৩ ও ২ শতাংশের বেশি এবং ২০টি কোম্পানি এক শতাংশের বেশি দর হারিয়েছে।