১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিদ্ধান্ত বদল, বিএসইসির নেতৃত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ

“আমি আরেকটু বৃহৎ পরিসরে কাজ করতে চাই। সামগ্রিক অর্থনীতির বিষয়গুলোতে ভূমিকা রাখতে চাই।”

সিদ্ধান্ত বদল, বিএসইসির নেতৃত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ
মাসরুর রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

তিন দিন নানা আলোচনার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মাসরুর রিয়াজ, যাকে ওই দায়িত্ব দিতে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়।

নিজের সিদ্ধান্ত জানিয়ে শনিবার দপুরে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মাসরুর রিয়াজ। আর এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আমি আরেকটু বৃহৎ পরিসরে কাজ করতে চাই। সামগ্রিক অর্থনীতির বিষয়গুলোতে ভূমিকা রাখতে চাই। সেই সুযোগ এলে বিবেচনায় নেব, তবে এখনো আমার জায়গা থেকে সহযেগিতা করে যাব।”

নিজের সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে মাসরুর রিয়াজ বলেন, “সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য আমি আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ। দেশের স্বার্থ আমার কাছে বরাবরই সবকিছুর ওপরে। 

“তবে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে, আমি মনে করি, আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসাবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারব। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল, এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’’

তবে অন্তর্বর্তীকালীন সরকারের ‘রাষ্ট্র মেরামতের’ কাজে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসরুর রিয়াজ বলেন, “ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। আমাকে সাদরে গ্রহণ করার জন্য বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট সকল অংশীজন এবং মিডিয়ার সহকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসন অবসানের পর সরকারের বিভিন্ন দপ্তরের নেতৃত্বে পরিবর্তনের ঢেউ লাগে। শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে অনেকে পদত্যাগ করেন, অনেকে আবার নিচে থেকে সরে যান। 

আওয়ামী লীগ সরকারের সময় বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১০ অগাস্ট পদত্যাগ করেন। এরপর এম. মাসরুর রিয়াজকে ওই দায়িত্ব দিয়ে ১৩ অগাস্ট আদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বিশ্ব ব্যাংক ও আইএফসিতে কাজ করেছেন দীর্ঘদিন। তাকে বরণ করে নিতে বিএসইসির কর্মকর্তারা ১৪ অগাস্ট অফিস সময় পর্যন্ত অপেক্ষায় ছিলেন। কিন্তু সেদিন তিনি যোগ দেননি। 

এরপর তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটিও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। আবার প্রজ্ঞাপনটি বাতিল বা নতুন কোনো সিদ্ধান্তের কথাও সেদিন সরকারের তরফ থেকে জানানো হয়নি। 

নিয়োগের প্রজ্ঞাপনের পর মাসরুর রিয়াজকে নিয়ে কয়েকটি প্রশ্ন আসার কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার সেসব প্রশ্নের মীমাংসা হয়ে যাওয়ায় অর্থমন্ত্রণালয়ে বিকল্প খোঁজার কোনো আলোচনা আর হয়নি।

এদিকে বৃহস্পতিবার খবর আসে, বিএসইসির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার শর্ত পালনে নিজের গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান পদ ও অন্যান্য দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মাসরুর রিয়াজ। তিনি নতুন সপ্তাহের শুরুতেই বিএসইসিতে যোগ দিতে পারেন বলেও আভাস মেলে। কিন্তু নতুন সপ্তাহ শুরুর আগেই তিনি মত বদল করলেন।

পুরনো খবর

বিএসইসির নেতৃত্বে মাসরুর রিয়াজ

যোগ দেননি মাসরুর রিয়াজওয়েবসাইটে নেই প্রজ্ঞাপন

মাসরুর রিয়াজই আসছেন বিএসইসিতে