Published : 15 Aug 2024, 08:29 PM
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ পাওয়া মাসরুর রিয়াজই আসছেন।
আগামী সপ্তাহের শুরুতে তিনি এ দায়িত্বে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তার নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার কথাই বলেছেন।
তারা বলেন, এ পদে তার নিয়োগ নিয়ে যেসব বিষয় আলোচনায় আসে সেগুলোর মীমাংসা দিনের প্রথমভাগেই হয়। এ কারণে এ পদে মাসরুরের নিয়োগ বাতিল করে বিকল্প নিয়ে আর আলোচনা হয়নি।
এরপর বিএসইসির চেয়ারম্যান পদে যোগ দেওয়ার শর্ত পালনে নিজের গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান পদ ও অন্যান্য দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ব ব্যাংক ও আইএফসিতে দীর্ঘদিন কাজ করা মাসরুর রিয়াজ।
মঙ্গলবার রাতে নিয়োগ আদেশের পর বুধবার তিনি বিএসইসিতে যোগ দেননি। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অফিস সময় পর্যন্ত তার অপেক্ষায় ছিলেন। একই সঙ্গে বুধবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটিও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাতিল বা নতুন কোনো সিদ্ধান্তও আসেনি।
এ দুই কারণে বিএসইসিসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে ও অর্থ মন্ত্রণালয়ে তার নিয়োগের বিষয়টি নিয়ে নানা কৌতুহল তৈরি হয়।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা বলেছেন, তার নিয়োগের আদেশের পর যেসব বিষয় সামনে এসেছিল সেগুলোর মীমাংসা দিনের প্রথম ভাগেই হয়ে যায়। এজন্য আগের সিদ্ধান্ত বহাল থাকার কথা বলেছেন তারা।
পরে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজের দিক থেকেও আগামী সপ্তাহের শুরুর দিকের যে কোনো দিন বা রোববার তার যোগ দেওয়ার আভাস মিলেছে।
বিএসইসির দশম চেয়ারম্যান হিসেবে মাসরুর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হবেন। গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত গত ১০ অগাস্ট আগের চেয়ারম্যান পদত্যাগ করেন।
সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণাতেও যুক্ত ছিলেন। বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা দিতে তার নেতৃত্বাধীন পলিসি এক্সচেঞ্জ সম্প্রতি মেট্টোপলিনটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রির সঙ্গে মিলে পিএমআই সূচক প্রকাশ করে আসছে।
আরও পড়ুন