১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসইসির নেতৃত্বে মাসরুর রিয়াজ

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এক সময় বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সঙ্গে কাজ করেছেন।

বিএসইসির নেতৃত্বে মাসরুর রিয়াজ
এম. মাসরুর রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 06:36 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

পরিবর্তনের হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পেল বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজকে, যিনি বিশ্ব ব্যাংক ও আইএফসিতে কাজ করেছেন দীর্ঘদিন।  

মাসরুর রিয়াজকে চার বছরের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বিএসইসির দশম চেয়ারম্যান হিসেবে তিনি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১০ অগাস্ট শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি থেকে পদত্যাগ করেন। 

নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ ২০১০ সাল থেকে ১০ বছর বিশ্ব ব্যাংক গ্রুপের বিনিয়োগ পরিবেশ ও বেসরকারি খাত উন্নয়ন ইউনিটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করেন।

এর মধ্যে বাংলাদেশে বিশ্ব ব্যাংক গ্রুপের বেসরকারি খাত উন্নয়ন কর্মসূচিতে ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস গ্লোবাল প্র্যাকটিস বিষয়ক সমন্বয়ক এবং তারপর ফাইন্যান্স, কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশন গ্লোবাল প্র্যাকটিস বিষয়ক সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মার্চে পর্যন্ত তিনি বিশ্ব ব্যাংক গ্রুপের সিঙ্গাপুর অফিসে কাজ করেন, সেখানে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশীয় অঞ্চলে কম্পিটেটিভনেস ইনিশিয়েটিভের নেতৃত্ব দেন।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিসিআইএফ) প্রধান হিসাবেও দয়িত্ব পালন করেন মাসরুর রিয়াজ।

বেসরকারি খাতে বিশ্ব ব্যাংকের ঋণদাতা উইং আইএফসির সঙ্গেও তিনি কাজ করেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করলে সেখানে আইএফসির পক্ষে প্রতিনিধিত্ব করেন তিনি।  

বিশ্ব ব্যাংকে যোগ দেওয়ার আগে বাংলাদেশে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ডিএফআইডির উপদেষ্টা হিসেবেও কাজ করেন রিয়াজ। 

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে রিয়াজ সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণাতেও যুক্ত ছিলেন। বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা দিতে তার নেতৃত্বাধীন পলিসি এক্সচেঞ্জ সম্প্রতি মেট্টোপলিনটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রির সঙ্গে মিলে পিএমআই সূচক প্রকাশ করে আসছে।