১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজারে গতি আনতে আইসিবিকে হাজার কোটি টাকা দিল সরকার

পাঁচ শতাংশ সুদে ১০ বছরের জন্য এ ঋণ হিসেবে পেয়েছে আইসিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 01:54 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

তারল্য সংকট কমিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) এবার এক হাজার কোটি টাকা ঋণ দিল সরকার।

১০-১২ দিন আগে মঞ্জুর হওয়া ঋণের অর্থ বুধবার পাওয়ার তথ্য দিয়ে আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেড় বছরের গ্রেস পিরিয়ডে এক হাজার কোটি টাকার ঋণ দিয়েছে সরকার।”

পাঁচ শতাংশ সুদে ১০ বছরের জন্য এ ঋণ হিসেবে পেয়েছে আইসিবি। পৃথক একটি হিসাব পরিচালনা করে এই অর্থ সংরক্ষণ করতে হবে।

নতুন করে ঋণ পাওয়ায় প্রতিষ্ঠানের তারল্য সংকট ‘কিছুটা হলেও কমবে’ মন্তব্য করে আবু আহমেদ বলেন, “সরকার এর আগেও ঋণের ব্যবস্থা করেছিল। আমরা চেয়েছিলাম ১০ হাজার কোটি টাকা, অতটা তো পাইনি, তারপরও যা পেয়েছি তাতেই চালাতে হবে।”

এর আগেও ২০২৪ সালের নভেম্বরে বিশেষ তহবিল থেকে তিন হাজার কোটি টাকার ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই ঋণের জামিনদার ছিল সরকার।

জামিনদার হওয়ায় কোনো কারণে আইসিবি ঋণের অর্থ ফেরত দিতে না পারলে সরকারকে তা পরিশোধ করতে হবে।

আইসিবিকে প্রতি বছর ৯০০ কোটি টাকার উচ্চ সুদের ঋণ পরিশোধ করতে হয়। সেই সুদের চাপ কমাতে উচ্চ ব্যয়ের ঋণ কমিয়ে এনে স্বল্প ও সহজ সুদের ঋণের দিকে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ঋণের অঙ্কের একটি অংশ বিনিয়োগ করবে এ শ্রেণির শেয়ারে।