২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতে ‘দ্বিতীয় সারির দলের’ সঙ্গে অনুশীলনে এমবাপে

প্যারিসে তার সঙ্গে অনুশীলনে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লেয়ান্দ্রো পারেদেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 05:25 PM

Updated : 26 Jul 2023, 05:25 PM

পিএসজিতে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বেশ কিছুদিন হলো। দলের প্রাক-মৌসুম সফরেও রাখা হয়নি তাকে। তবে এই অনিশ্চিয়তার মাঝে বসে নেই ফরাসি তারকা। ক্লাবটির 'মূল দলের বাইরের' খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন তিনি। 

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে মঙ্গলবার প্যারিসে অনুশীলন করেন এমবাপে। তার সঙ্গে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লেয়ান্দ্রো পারেদেস। 

প্রাক-মৌসুম প্রস্তুতিতে পিএসজি দল এখন আছে জাপানে। এই সফরের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এমবাপেকে। প্রীতি ম্যাচে মঙ্গলবার ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাস্‌রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিগ ওয়ানের দলটি। 

পিএসজিতে ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোয় মূল দল থেকে বাইরে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে। 

পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি স্পষ্ট বলে দিয়েছেন, চুক্তি নবায়ন না করলে এই গ্রীষ্মের দলবদলেই ক্লাব ছাড়তে হবে এমবাপেকে। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে 'ফ্রি এজেন্ট' হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ২৪ বছর বয়সী এই ফুটবলারের। তবে এত দামি খেলোয়াড়কে কিছুতেই বিনামূল্যে ছাড়তে রাজি নয় পিএসজি। 

গণমাধ্যমের খবর, এমবাপের জন্য গত সোমবার পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। সৌদি ক্লাবটির প্রস্তাব নাকি গ্রহণ করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়রা।