২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পথহারা’ চেলসিকে নিয়ে যে কারণে সতর্ক আনচেলত্তি

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে চেলসি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদ কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 08:59 PM

Updated : 11 Apr 2023, 09:27 PM

চলতি মৌসুমের শুরু থেকে ইংলিশ ঘরোয়া ফুটবলে ধুঁকছে চেলসি। প্রিমিয়ার লিগের টেবিলে নেমে গেছে সেরা দশের বাইরে। এরই মধ্যে বিদায় নিয়েছে এফএ কাপ ও লিগ কাপ থেকে। তারপরও অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দলটির মুখোমুখি হওয়ার আগে নিজের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কারণ, গত মৌসুমে চেলসির বিপক্ষেই ঘরের মাঠে হেরে গিয়েছিল তার দল। 

ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার চেলসির মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে চারবারের দেখায় দুবার হেরেছে রিয়াল। ২০২০-২১ আসরে সেমি-ফাইনালে বের্নাবেউয়ে ১-১ ড্রয়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জেতা চেলসি শেষ পর্যন্ত হয়েছিল চ্যাম্পিয়ন। 

গত মৌসুমে শেষ আটের প্রথম লেগে চেলসির মাঠে অনায়াসে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। ফিরতি লেগে পাল্টে যায় চিত্র, ৭৬ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে আনচেলত্তির দল। ৮০তম মিনিটে রদ্রিগোর গোলে দুই লেগ মিলিয়ে সমতা ফিরলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে করিম বেনজেমার গোল গড়ে দেয় ব্যবধান। চেলসি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতলেও ৫-৪ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পা রাখে রিয়াল। 

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আনচেলত্তি মনে করিয়ে দিলেন গত মৌসুমের কথা। 

“গত বছর আমাদের অনেক ভুগতে হয়েছিল। দল এবং ক্লাবকে আমাদের সম্মান করতে হবে, তাদের খুব ভালো সব খেলোয়াড় আছে। তারা এখন ভালো মুহূর্তে না থাকলেও তাদের দারুণ অনুপ্রেরণা আছে এবং তারা সেরাটা বের করে আনবে।” 

“চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য দলটি রোমাঞ্চিত ও অনুপ্রাণিত এবং বের্নাবেউয়ে আরেকটি জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করতে পারে। ঘরের মাঠে প্রথম লেগে খেলার সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।” 

প্রিমিয়ার লিগে চেলসি নেমে গেছে ১১ নম্বরে। গ্রাহাম পটারকে বরখাস্ত করে মৌসুমের বাকি সময়ের জন্য কদিন আগে তারা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। ২০০৯-১০ মৌসুমে আনচেলত্তি চেলসিকে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের ডাবল জেতানোর সময় তার কোচিংয়েই খেলেন ল্যাম্পার্ড। 

চেলসির বর্তমান অবস্থা দেখে ব্যথিত আনচেলত্তি। তবে ল্যাম্পার্ডের কোচিংয়ে দলটি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার। একই সঙ্গে ক্লাবটিতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। 

“আমার খারাপ লাগছে (লিগ টেবিলে চেলসির অবস্থানের দিকে তাকিয়ে)। আমার কাছে এই ক্লাবটির দুর্দান্ত স্মৃতি রয়েছে। আমি চেলসির একজন সমর্থক, কারণ আমি সেখানে দুই বছর কাটিয়েছি।” 

“আমি কি (কোচ হিসেবে) ফিরে যাব? না। আশা করি, ল্যাম্পার্ড তাদের সঙ্গে দারুণ কাজ করতে সক্ষম হবে... ল্যাম্পার্ড দারুণ একজন খেলোয়াড়, তাকে আমি দুই বছর কোচিং করিয়েছি। সে এই ধরনের ম্যাচগুলি ভালো বোঝে এবং জানে কীভাবে তার দলকে প্রস্তুত করতে হয়। সে এখানে এক সপ্তাহ ধরে আছে, তবে চেলসিতে থাকাকালীন সে ভালো করবে।”