জন্মদিনে অবসরের ঘোষণা বেনজেমার
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হারের পরদিন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপ ফাইনালের আগে করিম বেনজেমাকে ঘিরে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। শিরোপা লড়াইয়ে ফ্রান্সের হারের পরদিন জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।
চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি বেনজেমা। সোমবার নিজের ৩৫তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।
“আজ যেখানে আছি, সেখানে পৌঁছতে চেষ্টা করেছি ও ভুলও করেছি এবং তা নিয়ে আমি গর্বিত। আমার আমি গল্প লিখে ফেলেছি এবং এখানেই আমাদের শেষ।"
ঊরুর চোটে বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে ছিটকে পড়েন বেনজেমা। তার জায়গায় নতুন কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নেয় ফান্স। তিনি ফিরে যান ক্লাব রিয়াল মাদ্রিদে।
সম্প্রতি রিয়ালের অনুশীলনে যোগ দেন ব্যালন ডি’অর জয়ী তারকা। মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনালের আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফ্রান্স দলকে জানান শুভেচ্ছা। ওই ম্যাচে ২-০ গোলে জিতে ফাইনালে পা রাখে ফরাসিরা।
এরপর থেকে গুঞ্জন ছড়ায়, ফাইনালের আগে দলে যোগ দিতে পারেন বেনজেমা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নাকি চেয়েছিলেন, বেনজেমা দলের সঙ্গে থাকুক।
এই তারকাকে ফাইনালে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কোচ দিদিয়ে দেশম বলেছিলেন, ‘আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা করুন দয়া করে।”
সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে বেনজেমা ইনস্টাগ্রামে ফরাসি ভাষায় লেখেন, “আমি আগ্রহী নই।”
পরে কোচের সঙ্গে বেনজেমার ‘দ্বন্দ্বের’ গুজনও ছড়িয়ে পড়ে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে ফেরার পর দেশমের সঙ্গে কোনো যোগাযোগ করেননি বেনজেমা, দুজনের সম্পর্কে ফাটল ধরেছে।
রুদ্ধশ্বাস ফাইনালে রোববার আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। এরপরই এলো বেনজেমার অবসরের ঘোষণা।
২০০৭ সালে ফ্রান্সের হয়ে অভিষেকের পর ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেন বেনজেমা। ২০১৪ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি। পরের বছর সেক্সটেপ কাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন।
দীর্ঘ সাড়ে পাঁচ বছরের অপেক্ষা শেষে গত বছরের ইউরোর আগে দেশমের দলে ফেরেন তিনি। তারপর থেকে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেনজেমা এই বছর ক্যারিয়ারে প্রথমবার জেতেন ব্যালন ডি'অর। বিশ্বকাপে খেলতেও উদগ্রীব ছিলেন তিনি। কিন্তু চোট সেটি হতে দেয়নি। এবার জাতীয় দলের হয়ে পথচলারই ইতি টেনে দিলেন তিনি।
ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলে বেনজেমা গোল করেন ৩৭টি। দেশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন পঞ্চম স্থানে।
