অজেয় যাত্রায় ৪৫ ছুঁয়ে লেভারকুজেন কোচ বললেন, ‘আমরা হারতে চাই না’
পাঁচ ম্যাচ হাতে রেখে বুন্ডেসলিগায় শিরোপা নিশ্চিত করার পরও সাফল্য ক্ষুধা কমেনি বায়ার লেভারকুজেনের কোচ শাবি আলোন্সোর।
টানা অপরাজিত থাকার রেকর্ড আগেই গড়া হয়েছে, নিশ্চিত হয়ে গেছে শিরোপা জয়ও; বায়ার লেভারকুজেনের সাফল্য ক্ষুধা অবশ্য তাতে একটুও কমেনি। সবশেষ ম্যাচেও যেমন দেখা গেল তাদের হার না মানা মানসিকতা। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের মুখ থেকে একেবারে শেষ সময়ে ঘুরে দাঁড়ানোর পর দলটির কোচ শাবি আলোন্সোর কণ্ঠে তাই ফুটে উঠল স্বস্তি আর আনন্দ।
এর আগে যে ক্লাবটির কখনোই বুন্ডেসলিগা জয়ের অভিজ্ঞতা ছিল না, শীর্ষ পর্যায়ের ফুটবলে সবশেষ যাদের শিরোপা সাফল্য ছিল তিন দশকের পুরোনো, সেই লেভারকুজেন এবার যেন নিজেদের মেলে ধরেছে নতুন রূপে। কোচ আলোন্সোর হাত ধরে মৌসুমের শুরু থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছুটছে তারা।
দুর্দান্ত ছন্দে এগিয়ে চলার পথে গত রোববার ভার্ডার ব্রেমনকে ৫-০ গোলে উড়িয়ে, পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগের ট্রফি জয় নিশ্চিত করে লেভারকুজেন। একই সঙ্গে বুন্ডেসলিগায় টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার এবং এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অজেয় থাকার রেকর্ডও গড়ে তারা।
তারপর মাঝে ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডর সঙ্গে ১-১ ড্র করে লেভারকুজেন। সবশেষ রোববার বুন্ডেসলিগায় ডর্টমুন্ডের বিপক্ষে ৮১তম মিনিটে গোল খেয়ে হারতে বসেছিল দলটি। তবে আলোন্সোর এই দল যেন হারতে জানে না, কিছুতেই মানতে পারে না পরাজয়। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ইয়োসিপ স্তানিসিচের গোলে ড্রয়ে মাঠ ছাড়ার পর কোচ আলোন্সোও বললেন দলের হার না মানসিকতার কথা।
“গোল হজম করাটা ছিল কষ্টের, তবে আমরা চেষ্টা করতে থাকি এবং সঠিক প্রতিক্রিয়া দেখাতে পারায় আমি খুশি। আমরা এখনও বড় উৎসবের অপেক্ষায় আছি। এখন আমরা একটু রিকভার করব এবং স্টুটগার্ট ম্যাচের জন্য প্রস্তুত হবো, যে ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হবে।”
“আমরা কেবল হারতে চাই না। গোলটি ভীষণ আবেগের, সমর্থকদের সঙ্গে সেটা উপদযাপন করতে পেরে দারুণ লাগছে। আমাদের সবার কাছে এর গুরুত্ব অনেক।”
বুন্ডেসলিগায় টানা সর্বোচ্চ ৩০ ম্যাচ ধরে অপরাজিত আছে লেভারকুজেন। এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির টানা অজেয় থাকার রেকর্ডও বেড়ে দাঁড়াল ৪৫ ম্যাচে।
লিগে ৩০ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট হলো ৮০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ।
এখনও আরও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা টিকে আছে আলোন্সোর দলের। জার্মান কাপের ফাইনালে উঠেছে তারা। জায়গা করে নিয়েছে ইউরোপা লিগের সেমি-ফাইনালেও।
