মেসির বার্সায় ফেরার ইঙ্গিত সুয়ারেসের
আর্জেন্টাইন তারকার কাম্প নউয়ে ফেরার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন তার ঘনিষ্ঠ বন্ধু।
সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন। তাতে নতুন মাত্রা যোগ করলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও এক সময়ের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস। উরুগুয়ের স্ট্রাইকারের ইনস্টাগ্রাম পোস্টে মিলল পিএসজি ফরোয়ার্ডের কাম্প নউয়ে ফেরার ইঙ্গিত।
পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মৌসুমে। যদিও এক বছর মেয়াদ বাড়ানোর পথ খোলা আছে বিশ্বকাপ জয়ী তারকার সামনে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
নতুন চুক্তি নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। রেকর্ড সাতবারের ব্যালন দ'অর জয়ীর বার্সেলোনায় ফেরা নিয়েও আছে জোর আলোচনা।
বার্সেলোনার সমর্থকরাও প্রিয় তারকাকে আবার এই ক্লাবে দেখতে উন্মুখ। কদিন আগে বার্সেলোনার পরপর দুই ম্যাচে ঠিক দশম মিনিটে মেসির নামে স্লোগান ও গান শোনা যায় গ্যালারিতে।
সুয়ারেস বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন, যেখানে মেসির সঙ্গে উদযাপন করতে দেখা যাচ্ছে তাকে। ক্যাপশনে লেখা, ‘ফেরা’। ছবিটি ২০১৬ সালের ২০ এপ্রিল লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার ৮-০ গোলে জয়ের ম্যাচের। যেখানে সুয়ারেস একাই করেন চার গোল।
ওই ম্যাচে সুয়ারেসের উদযাপনের বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে বার্সেলোনা। সেখান থেকে তিনটি ছবি নিয়ে নিজের ইনস্টাগ্রামে দেন সুয়ারেস।
এভাবে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনে যেন ঘি ঢাললেন সুয়ারেস।
