২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোনালদোর সঙ্গে অবশ্যই সম্পর্কের ইতি টানা উচিত ইউনাইটেডের’

এই সপ্তাহেই দুই পক্ষের একটা সিদ্ধান্তে আসা উচিত বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 07:03 PM

Updated : 23 Oct 2022, 07:07 PM

দুই পক্ষের মধ্যে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। ফুটবল মহলে কেউ ক্রিস্তিয়ানো রোনালদোর পক্ষে, কেউ ম্যানচেস্টার ইউনাইটেডের। বিষয়গুলো নিয়ে বিরক্ত, ক্ষুব্ধ গ্যারি নেভিল। বিষিয়ে যাওয়া এই সম্পর্ক চুকিয়ে দেওয়ার পক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার নেভিল।

সবশেষ শৃঙ্খলা ভাঙার দায়ে রোনালদোকে চেলসির বিপক্ষে ম্যাচের দলেই রাখেননি ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এই ঘটনার সূত্রপাত টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গত বুধবারের ম্যাচে। ওই ম্যাচ বদলি তালিকায় থাকলেও খেলা হয়নি রোনালদোর।

অবশ্য শেষ দিকে তাকে বদলি নামাতে চেয়েছিলেন কোচ; কিন্তু রোনালদো তখন নামতে অস্বীকৃতি জানান। পরে ম্যাচের ৮৯তম মিনিটে টানেলের দিকে রওনা হন পর্তুগিজ ফরোয়ার্ড। এ কারণেই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ক্লাব।

এই ইউনাইটেডের জার্সি পরেই মহাতারকা হয়ে ওঠার পথে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ঘুরে যখন গত বছর ফিরলেন তখনও তাকে বরণ করে নেওয়া হয় ভালোবাসা দিয়ে। কিন্তু সে সম্পর্ক নেই আর আগের মতো। চিড় ধরা সম্পর্ক টেনে নেওয়া কোনো পক্ষের জন্যই ভালো নয় বলে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মন্তব্য করেন নেভিল।

Image

গ্যারি নেভিল

“ক্রিস্তিয়ানো রোনালদোকে অন্য কোথাও যেতে হবে এবং সেখানে গিয়েই প্রতি সপ্তাহে খেলতে হবে; কেননা, বেঞ্চে বসে থাকা সে মেনে নিতে পারে না। এটা ঠিকই আছে। কিন্তু বিষয়টা এ সপ্তাহেই শেষ করা বা বিশ্বকাপে যাওয়ার জন্য আপাতত সমঝোতায় আসা উচিত হবে এবং তারপর শেষ করা।”

“অবশ্যই এর শেষ হওয়া উচিত।”

প্রাক-মৌসুমেও একবার ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়েছিলেন রোনালদো। একজন খেলোয়াড়ের এমন কাণ্ড মেনে নিতে পারছেন না নেভিল।

“দল ড্রেসিংরুমে ফেরার আগে এ নিয়ে দ্বিতীয়বার রোনালদো নিজের গাড়িতে চেপে ওল্ড ট্র্যাফোর্ডে ছেড়ে বেরিয়ে গেল। বলতে বাধ্য হচ্ছি, ড্রেসিংরুমের একজন হিসেবে এই আচরণ অপ্রত্যাশিত। ক্রিস্তিয়ানোকে দলে নেওয়া উচিত কি-না, এমনটা ভাবলে দেখা যায় তাকে ছাড়াই ইউনাইটেড ভালো…এবং এটা এরিক টেন হাগ জানেন।”

“পরের সপ্তাহে ইউনাইটেড এবং রোনালদো একসঙ্গে একটা কাজই করতে পারে এবং সেটা হচ্ছে চুক্তি শেষ করে দেওয়া।”