বার্সাকে হারিয়ে শীর্ষে উঠেও জিরোনা কোচের ‘অবনমন এড়ানোর’ তৃপ্তি!
চমকপ্রদ পথচলায় রেয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার শীর্ষে উঠলেও পা মাটিতেই রাখছেন জিরোনা কোচ মিচেল।
শেষ বাঁশি বাজার পর মাঠে গোল হয়ে দাঁড়িয়ে জিরোনার খেলোয়াড়দের চলল আনন্দ নৃত্য। গ্যালারির কাছে গিয়ে দর্শক অভিবাদনের জবাব দিলেন তারা। তাদের উৎসবের ঢেউ পরে আছড়ে পড়ল ড্রেসিং রুমেও। নেচে-গেয়ে তারা উদযাপন করলেন স্মরণীয় জয়। লা লিগায় প্রথমবারের মতো বার্সেলোনাকে হারানো বলে কথা!
জিরোনা কোচ মিচেলের কণ্ঠেও ইতিহাস গড়ার উচ্ছ্বাস। তবে রেয়াল মাদ্রিদকে টপকে ফের লিগ টেবিলের শীর্ষে উঠলেও পা মাটিতে রাখছেন তিনি। বললেন, আগামী মৌসুমে লিগে টিকে থাকা ‘নিশ্চিত’ করতে পেরেই তিনি বেশি খুশি।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিরোনা জেতে ৪-২ ব্যবধানে।
এই নিয়ে স্রেফ চতুর্থবারের মতো লা লিগায় খেলছে জিরোনা। আগে কখনও ১০ নম্বরের চেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করতে পারেনি দলটি। তিন বছর পর গত মৌসুমে স্পেনের শীর্ষে লিগে ফিরে দশম হয় তারা।
সেই দলটিই চলতি মৌসুমে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যান্সে মনোযোগ কেড়ে নিয়েছে সবার। গতবার যেখানে ৩৮ ম্যাচের মধ্যে তারা জিতেছিল ১৩টি, এবার সেখানে ১৩ জয় হয়ে গেছে প্রথম ১৬ ম্যাচেই! সঙ্গে দুটি ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিচেলের দল। একমাত্র ম্যাচটি তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রেয়াল ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
জিরোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে চারে শিরোপাধারী বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে কাতালান দলটির সমান ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।
কোনো দল ৪০ পয়েন্ট পেলে স্পেনের শীর্ষ লিগে টিকে যাবে, এমনটাই ধরে নেওয়া হয় সাধারণত। এবার তাই অবনমনের শঙ্কা আর নেই, এতেই সন্তুষ্ট জিরোনা কোচ মিচেল।
“আমরা বেঁচে গেছি, আমরা ৪১ পয়েন্ট পেয়েছি। ব্যাপারটা আমাদের ভাবনার চেয়ে আগেভাগে ঘটে গেছে। সবাই খুশি, কারণ আমরা ইতিহাস গড়েছি। এই ম্যাচটা কখনও ভুলব না আমরা।”
বার্সেলোনার মাঠে দ্বাদশ মিনিটেই আর্তেম দভবিকের গোলে এগিয়ে যায় জিরোনা। সাত মিনিট পর রবের্ত লেভানদোভস্কি সমতা ফেরালেও প্রথমার্ধেই সফরকারীদের লিড পুনরুদ্ধার করেন মিগেল গুতেরেস। ৮০তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ে ইলকাই গিনদোয়ান ব্যবধান কমানোর পর আবার তা বাড়িয়ে নেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।
গোলের জন্য বার্সেলোনার ৩১ শটের ১১টি লক্ষ্যে থাকলেও জাল খুঁজে পায় মাত্র দুটি। সেখানে জিরোনার ১৫ শটের ৭টি লক্ষ্যে, যার চারটিই জড়ায় জালে। ম্যাচ জুড়ে গোলপোস্টের নিচে দারুণ সব সেভ করেন তাদের গোলরক্ষক।
যেভাবে এগিয়ে চলেছে জিরোনা, এই মৌসুমে তাদের লিগ জয়ের সম্ভাবনা দেখছে অনেকেই। জিরোনা কোচ অবশ্য এখনই অতকিছু ভাবতে চান না।
“দলের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। বার্সা, রেয়াল ও আতলেতিকোর সঙ্গে গোটা মৌসুম পাল্লা দেওয়ার সামর্থ্য আমাদের আছে কি-না, তা জানি না। তবে এই পারফরম্যান্স আমাকে খুশি করেছে। এই খেলোয়াড়রা ইতিহাস গড়ছে। আজ ফুটবলপ্রেমীরা কিছুটা হলেও জিরোনার ভক্ত। অনেকেই হয়তো বলবে, ‘এই ছেলেরা ভালো ফুটবল খেলে’।”
“জানি না আমরা লা লিগা জিততে পারব কি-না। এটা আমাদের লক্ষ্য নয়, এই চাপটা বার্সার, সেটা শাভিকে (বার্সেলোনা কোচ) আমি বলেছি।”
