ক্লাসিকোয় লেভানদোভস্কিকে নিয়ে শঙ্কা
অ্যাঙ্কেলের চোটে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সেলোনা স্ট্রাইকারকে।
বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। অ্যাঙ্কেলের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রবের্ত লেভানদোভস্কি। ফলে মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে এই স্ট্রাইকারকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার ম্যাচের প্রথমার্ধে পোর্তোর এক ডিফেন্ডারের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে শাভি এর্নান্দেসের দল।
পরীক্ষার পর পরদিন কাতালান ক্লাবটি বিবৃতি দিয়ে জানায়, লেভানদোভস্কির বাম গোড়ালি মচকে গেছে। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৫ বছর বয়সী পোলিশ তারকাকে।
আগামী ২৮ অক্টোবর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে তাদের ম্যাচ আছে আরও তিনটি।
চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন লেভানদোভস্কি। এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় দলের সর্বোচ্চ স্কোরার তিনি। পাঁচটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনটি।
আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে থাকা বার্সেলোনা পরবর্তী ম্যাচে রোববার গ্রানাদার মুখোমুখি হবে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রেয়াল।
