১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুইবার এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের বিপক্ষে হারল রিয়াল

লা লিগা শিরোপা ধরে রাখার পথ আরও অনেক কঠিন হয়ে গেল স্পেনের সফলতম দলটির জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 03:05 AM

Updated : 09 Apr 2023, 03:43 AM

লা লিগায় উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ খেল আরেকটি বড় ধাক্কা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও হেরে গেল কার্লো আনচেলত্তির দল। শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনাটুকু আরও ফিকে হয়ে গেল ইউরোপের সফলতম দলটির জন্য।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ৩-২ গোলে হেরেছে রিয়াল। ভিয়ারিয়ালের জয়ের নায়ক সামুয়েল চুকওয়েজি। দুই গোল করেন নাইজেরিয়ান এই উইঙ্গার, অবদান রাখেন হোসে লুইস মোরালেসের গোলে।

পাউ তরেসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল, দ্বিতীয়ার্ধের শুরুতে ফের তাদের এগিয়ে নিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র।

রিয়ালের এই হারে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সামনে সুযোগ এলো ব্যবধান বাড়িয়ে ১৫ পয়েন্টে নেওয়ার। শাভি এর্নান্দেসের দল নিজেদের পরের ম্যাচে জিরোনার বিপক্ষে খেলবে।

আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলবে রিয়াল। এর প্রথমটিতে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌছে গেছে আনচলেত্তির দল। কদিন পর তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে খেলবে চেলসির বিপক্ষে। তাই এই ম্যাচে প্রথম পছন্দের কয়েকজন খেলোয়াড়কে শুরুর একাদশে রাখেননি কোচ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তুলে নেন করিম বেনজেমাকে।

একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে চতুর্দশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় রিয়াল। মাঝমাঠ থেকে ফ্রি কিকে বল পেয়ে যান অরক্ষিত ভিনিসিউস। কিন্তু ‘ওয়ান-অন-ওয়ানে’ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় তার বাঁকানো শট।

দুই মিনিট পরেই এগিয়ে যায় স্বাগিতকরা। ভিনিসিউসের কাটব্যাকে বল পেয়ে গোলমুখে শট নেন মার্কো আসেনসিও। তরেসের পায়ে লেগে বল জড়ায় জালে। কিছুই করার ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষক পেপে রেইনার।

অষ্টাদশ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন অ্যালেক্স বায়েনা। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন তিনি। পরের মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি রেইনা। বেনজেমার পর রদ্রিগোর শটও চমৎকার রিফ্লেক্সে ফিরিয়ে দেন তিনি।

২৬তম মিনিটে নষ্ট হয় ভিয়ারিয়ালের চমৎকার একটি সুযোগ। চুকওয়েজির শট বেরিয়ে যায় বার ঘেঁষে। তিন মিনিট পর প্রায় ৩০ গজ দূর থেকে বায়েনার বুলেট গতির শট কোনোমতে ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া।

৩৪তম মিনিটে একটুর জন্য লক্ষ্যে রাখতে পারেননি ভিয়ারিয়ালের জিওভানি লো সেলসো। এর পাঁচ মিনিট পর সমতা ফেরায় সফরকারীরা। ডি বক্সের মাথায় বল পেয়ে পায়ের কারিকুরিতে নাচোকে এড়িয়ে এগিয়ে যান চুকওয়েজি। চুয়ামেনি চ্যালেঞ্জ জানানোর আগেই পেনাল্টি স্পটের কাছ থেকে কোর্তোয়াকে এড়িয়ে জাল খুঁজে নেন নাইজেরিয়ান উইঙ্গার।

যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ একটুর জন্য হাতছাড়া করে রিয়াল। আসেনসিওর হেডে লাফিয়ে কোনোমতে মাথা ছোঁয়াতে পারেন নাচো, কিন্তু রাখতে পারেননি লক্ষ্যে। পাশেই ভালো অবস্থানে ছিলেন বেনজেমা, কিন্তু নাচো হেড করায় বলের নাগাল পাননি তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে নেন ভিনিসিউস। দানি সেবাইয়োসের কাছ থেকে ডি বক্সের বাইরে বল পান তিনি। পায়ের কারিকুরিতে আশেপাশে থাকা চার খেলোয়াড়কে এড়িয়ে দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫৩তম মিনিটে বেনজেমার কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন ভিনিসিউস। পাচ মিনিট পর রিয়ালের জালে বল পাঠান আইসা মাঁদি। কিন্তু তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল। ৬৩তম মিনিটে ফেদে ভালভেরদের কাছ থেকে বল পেয়ে হুয়ান ফয়থের গায়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস।

৭০তম মিনিটে মোরালেসের গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল। চুকওয়েজির ক্রস মানু ত্রিগেরোসের পায়ে লাগলে পেয়ে যান একটু আগেই বদলি নামা মোরালেস। তার দ্বিতীয় চেষ্টার শট কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

শুরুতে অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের রিভিউয়ে পাল্টায় সিদ্ধান্ত। সমতা ফেরানোর উল্লাসে মাতে সফরকারীরা।

৭৭তম মিনিটে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি ফয়থ। তিন মিনিট পর দুর্দান্ত গোলে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন চুকওয়েজি। ডি বক্সের বাইরে বল পেয়ে অসাধারণ এক বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি কোর্তোয়া।

৮২তম মিনিটে মাঁদির হ্যান্ডবলের জন্য রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু মনিটরে কয়েকবার রিপ্লে দেখার পর সিদ্ধান্ত পাল্টান তিনি। দারুণ রিফ্লেক্সে বলের লাইন থেকে দুই হাতই সরিয়ে নেন মঁদি, বল লেগেছিল তার বুকে।

বাকি সময়ে ভিয়ারিয়ালের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু লা লিগায় আসরের পঞ্চম হার এড়াতে পারেননি ভিনিসিউস-রদ্রিগোরা।

২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।