আশা-শঙ্কার দোলাচলে শুরু হচ্ছে বাংলাদেশের ‘সাফ’
অনেক না পাওয়ার হতাশা ঝেড়ে ফেলার অভিযানের শুরুতেই বাংলাদেশ মুখোমুখি এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল লেবাননের।
কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেল্লারি রোড হয়ে মূল শহরে আসতে প্রায় ৪০ কিলোমিটার পথ। দীর্ঘ এই পথেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে তেমন কোনো প্রচারণা চোখে পড়ল না। উচ্ছ্বাস- উন্মাদনার ছোঁয়া পাওয়া গেল না কোথাও। বিমানবন্দরেও সাফের ব্যানার-বিলবোর্ড কিছু নজরে এলো না। অথচ এরই মধ্যে বেঙ্গালুরুতে শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ।
শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে বুধবার শুরু হয়ে গেছে সাফের চতুর্দশ আসর। মাঠের লড়াইয়ে উপভোগ্য ও দাপুটে ফুটবলের পসরা মেলে ফেভারিট দলগুলো করেছে দারুণ সূচনাও। সাফে প্রথমবার খেলতে আসা কুয়েত ৩-১ গোলে নেপালকে উড়িয়ে জানান দিয়ে রেখেছে, অতিথি দল হলেও দক্ষিণ এশিয়ায় শিরোপার দাবি নিয়ে এসেছে তারা।
এমনিতে এই প্রতিযোগিতায় মাঠে নামা মানেই যেন ভারতের শিরোপা। গত ১৩ আসরে রেকর্ড আটবার চ্যাম্পিয়ন তারা। এবারও যথারীতি ফেভারিটদের তালিকায় উপরের দিকেই আছে ভারত। প্রত্যাশা পূরণ করে তারা পেয়ে গেছে উড়ন্ত সূচনা। তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রীর হ্যাটট্রিকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানকে ৪-০ গোলে।
বাংলাদেশের সাফ শুরু হচ্ছে বৃহস্পতিবার, প্রতিযোগিতার আরেক অতিথি দল লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই টুর্নামেন্টে চোখ রেখে গত ৪ জুন থেকে ঢাকা, কম্বোডিয়া এবং বেঙ্গালুরুতে তিন ধাপে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এখন মাঠে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ শুরু হাভিয়ের কাবরেরার দলের।
একটু ভিন্ন আবহ নিয়েই মুখোমুখি হবে দুই দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৯২তম) চেয়ে যোজন যোজন এগিয়ে লেবানন (৯৯তম)। র্যাঙ্কিংয়ের দিক থেকে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দলও তারা। কিন্তু দলটি সবশেষ তিন ম্যাচ পারেননি জিততে।
সাফের প্রস্তুতি লেবানন নিয়েছে ভারতে এসেই, ভুবনশ্বেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে। সেখানে রাউন্ড রবিন লিগে ভানুয়াতুর বিপক্ষে জিতেছিল তারা, ড্র করেছিল মঙ্গোলিয়া ও ভারতের সাথে। পরে ফাইনালে লেবানন ২-০ গোলে হেরে যায় স্বাগতিক ভারতের কাছে।
বাংলাদেশ এদিক থেকে একটু আত্মবিশ্বাসী। জয়ের সুবাস মেখে তারা নোঙর ফেলেছে বেঙ্গালুরুতে। ৪ থেকে ১০ জুন পর্যন্ত ঢাকা পর্বের প্রস্তুতি সেরে কম্বোডিয়া সফরে গিয়েছিল দল। সেখানে কম্বোডিয়ান লিগের দল টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ এবং স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জয়ের হাসি ছিল সোহেল-সুমনদের সঙ্গী। এই ছন্দের রেশ সাফে টেনে নেওয়ার চ্যালেঞ্জ শুরু হচ্ছে লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়েই।
অতীত অভিজ্ঞতার কারণে এই শুরুটা নিয়ে বাংলাদেশের শঙ্কার দুলুনিও কম নয়। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট সেই ২০০৩ সালে একবারই মাথায় উঠেছে বাংলাদেশের। পরের আসরে মুকুট খসে পড়ে ভারতের কাছে হেরে।
সবশেষ সেমি-ফাইনালে খেলার স্বাদ মিলেছে সেই ২০০৯ সালে। এরপর পাঁচ-পাঁচটি আসর গড়িয়েছে মাঠে, কিন্তু বাংলাদেশ ছিল স্রেফ আসা-যাওয়ার মিছিলে। পথচলা থেমেছে প্রথম পর্বে বা গ্রুপ পর্বেই।
পরিসংখ্যানের এই চোখ রাঙানি কিছুটা হলেও তাড়া করছে দলকে। তবে এই অপ্রাপ্তি আর ক্ষুধাই হতে পারে নতুন করে আড়মোড়া ভেঙে দলের জেগে ওঠার জ্বালানি।
শুরুতেই লেবাননকে প্রতিপক্ষ পাওয়া কোচ কাবরেরা অবশ্য একটু সাবধানী। যদিও নিজের পরিকল্পনা এবং দলের প্রতি আস্থার রাখার কথা ঘুরেফিরে বলেছেন এই স্প্যানিশ কোচ। কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ী প্রীতি ম্যাচে আক্রমণ কিংবা পাল্টা আক্রমণে তেমন দ্যুতি ছড়াতে না পারলেও রক্ষণ জমাট রেখেছিল দল। একমাত্র গোলটিও এসেছিল আচমকা এক পাল্টা আক্রমণের পথ ধরে। লেবানন ম্যাচে রক্ষণ জমাট রেখে পাল্টা হানা দেওয়ার ছকে তার থাকার সম্ভাবনা বেশিই।
সাফের লক্ষ্য নিয়েও বড় স্বপ্ন কখনও দেখাননি কাবরেরা। ‘জিততে চাই’- এক-দুবার অস্ফুট উচ্চারণে বলেছেন বটে, কিন্তু মূল লক্ষ্য যে গ্রুপ পর্বে গেরো ছোটানো, তা বলেছেন বারবার। সে চাওয়া পূরণের মিশন বাংলাদেশ শুরু করতে যাচ্ছে কঠিন প্রতিপক্ষ দিয়ে।
এক যুগ ধরে পিছু ধরে থাকা অনেক না পাওয়ার গ্লানি, অনেক কিছু হারানোর বিষাদ বাংলাদেশ ধুয়ে-মুছে দিতে পারবে কি না, তার ইঙ্গিত কিছুটা মিলতে পারে শুরুর ম্যাচেই।
