২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির প্রশংসায় ভাষা খুঁজে পাচ্ছেন না শাভি

বিশ্বের না হলেও বার্সেলোনার সেরা নাম্বার নাইন লেভানদোভস্কি, বলছেন কোচ শাভি এরনান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 06:45 PM

Updated : 08 Sep 2022, 09:09 PM

প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স। একের পর এক গোল। বার্সেলোনায় ক্যারিয়ারের নতুন অধ্যায়ে শুরুটা এর চেয়ে ভালো হয়তো আর হতে পারত না রবের্ত লেভানদোভস্কির। পোলিশ তারকার পারফরম্যান্সে যেন মোহবিষ্ট হয়ে আছেন কোচ শাভি এরনান্দেস। কাতালান দলটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখানো লেভানদোভস্কির প্রশংসা করতে গিয়ে বিশেষণ খুঁজে পাচ্ছেন না তিনি।

কাম্প নউয়ে বুধবার রাতে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের দল ভিক্তোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। তিন গোল করে নায়ক লেভানদোভস্কি।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন তিন দলের হয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। করিম বেনজেমাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে জায়গা করে নেন তিন নম্বরে।

প্রতিযোগিতাটিতে তার মোট গোল এখন ৮৯টি। ওপরে কেবল ক্রিস্তিয়ানো রোনালদো (১৪০) ও লিওনেল মেসি (১২৫)।

গ্রীষ্মের দলবদলে সাড়ে ৪ কোটি ইউরোয় বায়ার্ন মিউনিখ থেকে লেভানদোভস্কিকে দলে টানে বার্সেলোনা। বুন্ডেসলিগার দলটির হয়ে গোলের বন্যা বইয়ে দিয়ে তিনি ‘গোল মেশিন’ তকমা পেয়ে গেছেন অনেক আগেই। যদিও জার্মান ফুটবল থেকে স্প্যানিশ ফুটবলে এসে কেমন করবেন, সেই সংশয় ছিল অনেকের। তবে এখানেও তিনি আপন মহিমায় উজ্জ্বল।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে তার গোল ৮টি। সবগুলোই সবশেষ চার ম্যাচে। লা লিগায় টানা দুই ম্যাচে জোড়া গোলের পর সবশেষটিতে করেন একটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগের এই হ্যাটট্রিক।

লেভানদোভস্কিকে আগেও স্তুতির জোয়ারে ভাসিয়েছেন শাভি। ভিক্তোরিয়া ম্যাচের পর বার্সেলোনা কোচ শুধু এই তারকার গোল করাই নয়, খেলার অন্যান্য দিকও তুলে ধরলেন।

“তার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। সে হ্যাটট্রিক করেছে। কিন্তু শুধু তাই নয়, যেভাবে সে খেলে এবং দলকেও খেলায় সেটাও বড় বিষয়। ...আক্রমণের সময় আগে থেকে নিখুঁতভাবে ফাঁকা জায়গা খুঁজে নেয় সে।”

“তার জন্য আমি খুশি। দুর্দান্ত একজনকে দলে নিয়েছি আমরা। আক্রমণে সে আমাদের অনেক সমাধান এনে দেয়, সে একজন নেতা, একজন বিজয়ী।”

চ্যাম্পিয়ন্স লিগে এর আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একটি ও বায়ার্নের জার্সিতে চারটি হ্যাটট্রিক করেছিলেন লেভানদোভস্কি। এই প্রতিযোগিতায় তার ৬টির চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল রোনালদো ও মেসির, দুজনেরই ৮টি করে।

লেভানদোভস্কিই এখন বিশ্বের সেরা স্ট্রাইকার কি-না, এমন প্রশ্নে শাভি তুলে ধরলেন তার অভিমত।

“সে বিশ্বের সেরা নাম্বার নাইন কি-না, আমি জানি না। তবে সে আমাদের সেরা নাম্বার নাইন। সে যদি বিশ্বের সেরা নাও হয়, তবে সে বেনজেমা ও অন্যদের পাশে আছে, (আর্লিং) হলাল্ডও আছে। কোনো তুলনা ছাড়াই রবের্ত দুর্দান্ত এবং দলে তাকে পাওয়া সম্মানের।”