ম্যাচ ফিক্সিংয়ের তদন্তে কোপা দেল রের ম্যাচ
অভিযোগের ভিত্তিতে হুরাকান মেলিইয়ার সাবেক খেলোয়াড়সহ ছয় জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কোপা দেল রের গত মৌসুমের লেভান্তে ও ও হুরাকান মেলিইয়ার ম্যাচটি পাতানো ছিল কিনা, তা স্পেনের একটি আদালত তদন্ত করছে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
২০২১ সালের ডিসেম্বরে প্রথম রাউন্ডের ওই ম্যাচে স্পেনের পঞ্চম বিভাগের দল মেলিইয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল লেভান্তে।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ম্যাচে বেনামি টিপস দেওয়ার ঘটনা নজরে আসায় তারা ন্যাশনাল পুলিশ সেন্টার ফর স্পোর্টস ইন্টিগ্রিটি অ্যান্ড গ্যাম্বলিংয়ের (সেনপিডা) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল।
লা লিগা এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মেলিইয়ার একটি আঞ্চলিক আদালত তদন্ত শুরু করেছে। হুরাকান মেলিইয়ার সাবেক খেলোয়াড়সহ ছয় জনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরা দিয়েছেন।
লাভবান হওয়ার উদ্দেশে কয়েকটি ম্যাচে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার মেলিইয়ার সাবেক এক খেলোয়াড়কে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত খেলোয়াড়ের পরিচয় জানায়নি তারা।
কোপা দেল রে আয়োজন করে থাকে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে জবাব দেয়নি সংস্থাটি।
