ইউরোপের ‘বিগ ফাইভে’ বিশ্বকাপ সম্প্রচারের শঙ্কা কাটল
সমস্যা কেটে যাওয়ায় নারী ফুটবল বিশ্বকাপ এখন আরও বেশি প্রচার পাবে ও এর প্রসার হবে বলে বিশ্বাস ফিফা সভাপতির।
ইউরোপের শীর্ষ পাঁচ দেশের সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ‘খুব অল্প পরিমাণ’ অর্থ প্রস্তাব করায় সেখানে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেছে। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) সঙ্গে চুক্তিটা আরও প্রসারিত করেছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। মূলত এর ফলেই ওই দেশগুলোয় বিশ্বকাপের ম্যাচ দেখানো নিয়ে শঙ্কা দূর হয়েছে।
আলোচিত দেশগুলো হলো- বৃটেন, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স। ইউরোপের শীর্ষ ফুটবল খেলুড়ে এই দেশগুলোকে সংক্ষেপে ‘বিগ ফাইভ’ বলা হয়ে থাকে।
এর আগে সাধারণত, ফিফার পুরুষ ও নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব একসঙ্গে বিক্রি করা হতো। তবে এবারই প্রথম আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব আলাদা বিক্রি করে ফিফা।
ওখানেই তৈরি হয় জটিলতা। গত মাসে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ওই ‘বিগ ফাইভ’ দেশ থেকে সম্প্রচার স্বত্বের যে অঙ্কের প্রস্তাব এসেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। যেখানে ছেলেদের বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত। প্রস্তাবিত এই অঙ্ক ফুটবলারদের জন্য ও বিশ্বজুড়ে মেয়েদের ‘মুখে চপেটাঘাত’ বলেও মন্তব্য করেন তিনি।
গত বছর অক্টোবরে ইউরোপের জাতীয় মিডিয়া সংস্থাগুলোর সংগঠন ইবিইউ ও ফিফা নিজেদের মধ্যে প্রাথমিক চুক্তিতে ঘোষণা করে যে, ইউরোপের ২৮টি দেশে ফ্রি-টু-এয়ার (দর্শকরা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই দেখতে পারবে) প্রচার করা হবে।
ইবিইউ’এর ওই চুক্তির মধ্যে এখন ‘বিগ ফাইভের’ পাঁচটি দেশও অন্তর্ভুক্ত, তাদের সঙ্গে ইউক্রেনও।
নতুন এই চুক্তির ফলে চলমান সংকট কেটে যাওয়ায় এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইনফান্তিনো।
“আসছে নারী বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সঙ্গে চুক্তিটা আরও প্রসারিত করতে পেরে উচ্ছ্বসিত ফিফা…এতে টুর্নামেন্টটি সর্বোচ্চ প্রচার পাবে, প্রসার হবে।”
এবারের মেয়েদের বিশ্বকাপ শুরু আগামী ২০ জুলাই থেকে, যৌথভাবে আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।
