২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সবশেষ ১০-১৫ বছরে চেলসিই ইংল্যান্ডের সেরা দল'

চেলসিতে ভালো করার ব্যাপারে আশাবাদী কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 05:58 PM

Updated : 04 Jul 2023, 05:58 PM

ইংলিশ ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে একচেটিয়া দাপট দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। এর আগে সাফল্যের দেখা পেয়েছে অন্য কয়েকটি দলও। মাওরিসিও পচেত্তিনোর কাছে অবশ্য চেলসিই সেরা। দলটির নতুন কোচ বলেছেন, সবশেষ ১০ থেকে ১৫ বছরের মধ্যে সেরা দল লন্ডনের ক্লাবটি।

২০০৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চেলসি। এই সময়ে স্ট‍্যামফোর্ড ব্রিজে এসেছে ২১টি ট্রফি।

লিগে চেলসি সবশেষ চ্যাম্পিয়ন হয় ২০১৬-১৭ মৌসুমে। ইউরোপ সেরার মঞ্চে তাদের সবশেষ শিরোপা আসে ২০২১ সালে।

গত কয়েক মৌসুমে লিগে খুব একটা ভালো না করতে পারা চেলসির সবশেষ মৌসুম খুবই বাজে কেটেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১২তম হয়েছে তারা, চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে গেছে কোয়ার্টার-ফাইনাল থেকে। এফএ কাপ ও লিগ কাপে তৃতীয় রাউন্ডে থেমেছে তাদের পথ চলা।

দলের ব্যর্থতার জেরে চাকরি হারান টমাস টুখেল ও গ্রাহাম পটার। মৌসুমের শেষের অংশে দায়িত্ব পালন করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। নতুন মৌসুমকে সামনে রেখে এরপর ক্লাবটি স্থায়ীভাবে কোচ হিসেবে নিয়োগ দেয় পচেত্তিনোকে।

সাম্প্রতিক বছরগুলোতে সেভাবে সাফল্য না পেলেও পচেত্তিনোর চোখে অবশ্য একটা লম্বা সময় ধরে তার দলই সেরা।

চেলসির সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার প্রকাশিত হয় পচেত্তিনোর সাক্ষাৎকার। সেখানে ক্লাবটিকে আবারও সেরাদের কাতারে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান এই আর্জেন্টাইন।

“গত গত ১০, ১২, ১৫ বছরের মধ্যে চেলসিই ইংল্যান্ডের সেরা দল। প্রিমিয়ার লিগ ও চেলসি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। আমি মনে করি, আমাদের ভক্তরা আবার জয়ের চেষ্টার পথে দেখতে পেরে রোমাঞ্চিত।”

ইংলিশ ফুটবলে আগেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে পচেত্তিনোর। ২০১৩ সালের জানুয়ারি থেকে পরের বছরের মাঝামাঝি পর্যন্ত তিনি কাজ করেন সাউথ্যাম্পটনে। সেখান থেকে ২০১৯ সাল পর্যন্ত কোচ ছিলেন টটেনহ্যাম হটস্পারের। তার হাত ধরেই ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল দলটি।