২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনরিকের অনুশীলনে এবার ‘ওয়াকি-টকি’

কাতার বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে নতুনত্ব আনছেন স্পেন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 04:06 PM

Updated : 19 Oct 2022, 05:22 PM

এটা করো, ওটা করো-এই নির্দেশনা চেচিয়ে দিচ্ছেন না লুইস এনরিকে। স্পেন কোচ ব্যবহার করছেন প্রযুক্তি। খেলোয়াড়দের অনুশীলনের পোষাকে ওয়াকি-টকির হেডফোন সংযুক্ত করে দিয়েছেন, দূর থেকে অনায়াসে পৌছে দিচ্ছেন প্রয়োজনীয় বার্তা! 

প্রযুক্তির প্রতি এনরিকের আগ্রহ হুট করেই আসেনি। সেল্তা ভিগোর দায়িত্বে থাকার সময় থেকে এগুলো ব্যবহার করছেন তিনি। স্পেন দলেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে ২০১৮ সালে এনরিকে দায়িত্ব নেওয়ার পর। 

পরিসংখ্যান দেখাচ্ছে, প্রযুক্তির ব্যবহারের সুফল পাচ্ছে স্পেন। এনরিকের অধীনে এ পর্যন্ত খেলা ৩৮ ম্যাচে ২২টিতে জয় পেয়েছে তারা। ড্র ১১টি, হার মাত্র পাঁচটি। দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী কণ্ঠে ৫২ বছর বয়সী এই কোচ কাতার বিশ্বকাপে দিয়ে রাখলেন চ্যালেঞ্জ। 

“বিশ্বকাপে কেউ যদি আমাদের হারাতে চায়, তাহলে তাদেরকে আসলেই সেরাটা খেলা খেলতে হবে।” 

২০১০ বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল স্পেন। পরের আসরগুলোতে তারা আলো ছড়াতে পারেনি। তবে এনরিকের হাত ধরে সুসময়ে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ চারে খেলেছে তারা; উয়েফা নেশন্স লিগের ফাইনালসে উঠেছে। পেরিয়েছে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের বৈতরণী। ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়েও দলটির অবস্থান সপ্তম। এনরিকের দলকে নিয়ে আশাবাদী হওয়ার কারণ আছে যথেষ্টই। 

দায়িত্ব নেওয়ার পর থেকে একটু একটু করে স্পেনকে গুছিয়ে নিচ্ছেন এনরিকে। অনুশীলনের ট্রেনিং কমপ্লেক্সে যোগ করেছেন ‘স্কাফোল্ডিং-প্ল্যাটফর্ম।’ এই প্রযুক্তির ব্যবহারে দলের পুরো ট্রেনিং সেশন রেকর্ড করা হয় সব দৃষ্টিকোণ থেকে। ফলে প্রস্তুতির প্রতিটি চিত্রই পাওয়া যায় স্বচ্ছভাবে। সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখে ঠিক করা হয় পরবর্তী করণীয়। 

সবশেষ এনরিকে যোগ করেছেন ওয়াকি-টকির ব্যবহার। ছোট ছোট হেডফোন সেঁটে দেওয়া হয়েছে খেলোয়াড়দের অনুশীলনের পোষাকে। ফলে চিৎকার-চেচামেচি করতে হচ্ছে না তাকে। যাকে যে নির্দেশনা দেওয়া প্রয়োজন, সেটা তিনি সুবিধামতো জায়গায় বসে সহজেই দিচ্ছেন। অনুশীলনে এটা হয়তো কাজে লাগছে, ম্যাচে তো প্রথাগতভাবেই দিতে হবে নির্দেশনা। 

২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ই’ গ্রুপে পথচলা শুরু করবে স্পেন। গ্রুপের বাকি দুই দল জার্মানি ও জাপান।