ডে ব্রুইনের কাছে ‘সেরাটা’ চান গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটির কোচ মনে করেন, আরও উন্নতির সুযোগ আছে বেলজিয়ান মিডফিল্ডারের।
দুই ম্যাচ পর ম্যানচেস্টার সিটির জয়ে বড় অবদান রেখেছেন কেভিন ডি ব্রুইনে। নিজের গোল করেছেন, সঙ্গে সুযোগও তৈরি করেছেন কিছু। কিন্তু তাতেও যেন মন ভরছে না পেপ গুয়ার্দিওলার। দলটির কোচের মতে, আরও উন্নতির সুযোগ আছে ডে ব্রুইনের।
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জেতে সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোলের পর ব্রাইটন একটি শোধ দিয়ে নাটকীয়তার আভাস দেয়। কিন্তু ডে ব্রুইনের গোলে ফের দুই গোলে এগিয়ে যায় সিটি।
ডে ব্রুইনে নিজের গোলটি করেন একক নৈপুণ্যে। ৭৫তম মিনিটে বের্নার্দো সিলভার পাস ফাঁকায় পেয়ে ২৫ গজ দূর থেকে শট নেন বেলজিয়ান প্লেমেকার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে এটি ডে ব্রুইনের দ্বিতীয় গোল, অ্যাসিস্ট ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৫ ম্যাচে তার গোল ওই দুটিই, সঙ্গে অ্যাসিস্ট ১১টি।
৩১ বছর বয়সী ডে ব্রুইনের কাছে আরও ভালো পারফরম্যান্স চান গুয়ার্দিওলা। ব্রাইটন ম্যাচের পর বললেন, এখন পর্যন্ত সেরা পর্যায়ে নেই বেলজিয়াম তারকা।
“কেভিন আরও ভালো করতে পারে। সে তার সেরা পর্যায়ের খেলাটা খেলছে না, এখন পর্যন্ত না।”
“সে অসাধারণ একটি গোল করেছে-দারুণ প্রদর্শনী ছিল। কিন্তু সে তার সেরাটা খেলছে না। সে নিজেও তা জানে। আমার তার সঙ্গে কথা হয়েছে, তবে এসব নিয়ে তাকে কিছু বলার দরকার নেই আমার।”
লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ১ পয়েন্টে পিছিয়ে গত দুইবারের চাম্পিয়নরা। ১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ২৬। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ২৭।
