২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো সান্ত্বনা নেই মেসির

আট বছর আগে জার্মানিতে কেঁদেছিলেন, চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও তার চোখে ছিল পানি। কিন্তু এবার অধিক শোকে যেন পাথর হয়ে গেলেন লিওনেল মেসি। আরাধ্য স্বপ্ন পূরণের খুব কাছে পৌছেও বিশ্ব জয় করা হলো না তার। পুড়তে হলো হতাশার আগুনে, কোনো পুরস্কারেই এই কষ্ট মেটার নয়। মেসিও সেটাই বললেন- এর কোনো সান্ত্বনা হয় না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 08:18 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

অতৃপ্ত মেসি

ম্যাচ শেষে মেসির মুখে লেপ্টে ছিল যেন রাজ্যের হতাশা। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। কিন্তু সেটা এমনভাবে হাতে নিলেন যেন এর কোনো গুরুত্বই নেই, বড় সাধারণ এক খেতাব। মুখেও তাই বললেন।

“এখন কিছুই আমাকে সান্ত্বনা দিতে পারবে না-এমনকি এই পুরস্কার কিংবা অন্য কিছু।”

রিও দে জেনেইরোর মারাকানায় ১১৩তম মিনিটে মারিও গোটসের করা একমাত্র গোলে হার নিশ্চিত হয় আর্জেন্টিনার। ম্যাচের শুরুতে কিন্তু এগিয়ে যেতে পারতো লাতিন আমেরিকার দলটিই। তবে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন গনসালো হিগুয়াইন। বাকি সময়েও নিশ্চিত আরো দুটো সুযোগ পায় তারা কিন্তু সফল হতে পারেনি।         

লিওনেল মেসির কণ্ঠেও সেইসব সুযোগ হারানোর হতাশা, “আমরা আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।”

“বল তাদের দখলে বেশি সময় থাকলেও, আমরা পরিষ্কার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমাদের যারা সামনে ছিল তারা তা গোল করতে পারেনি। আমরা তিনটা সুযোগ পেয়েছিলাম- একটাতে আমি ব্যর্থ, একটায় পিপা (হিগুয়াইন) এবং আরেকটা রদ্রিগো (পালাসিও)।”