অবসর নিলেন নিষ্প্রভ ফ্রেদ
তীব্র সমালোচনার মুখে অবশেষে অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপ অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্প্রভ থাকা ফ্রেদ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে স্বাগতিকদের শোচনীয় পরাজয়ের পর এই সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের এই স্ট্রাইকার।
গত শনিবার নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়া ওই ম্যাচে অবশ্য দলে জায়গা পাননি ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।
রোববার সাংবাদিকদের ফ্রেদ বলেন, “আমার জন্য, সেলেসাও অধ্যায় শেষ।”
‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। কিন্তু চোট পাওয়া নেইমার ও হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় অধিনায়ক চিয়াগো সিলভার অনুপস্থিতে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। পরে আবার নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের হার।
ডাচদের বিপক্ষে না খেললেও আগের ব্যর্থতার দায় নিলেন ফ্রেদ, “দলের ব্যর্থতায় আমি আমার অংশের দায় নিচ্ছি। আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, কারণ আমি কোনোরকম চোটগ্রস্ত ছিলাম না। কিন্তু আমি বলবো এটা সবার দোষ।”
এরপর ব্রাজিলের মানুষের উপর ক্ষোভ প্রকাশ করেন ফ্রেদ।
“ফুটবল আপনাকে অনেক কিছু দেবে আবার অনেক কিছু কেড়েও নেবে। সব ব্যর্থতার মাঝে একটা বলির পাঠা খুঁজে বের করার একটা খারাপ অভ্যাস আছে আমাদের সব ব্রাজিলিয়ানদের।”
ফ্রেদ ধারাবাহিকভাবে বাজে খেললেও গ্রুপ পর্বের সবকটি এবং দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল ম্যাচেও তাকে প্রথম একাদশে রাখেন কোচ লুইস ফেলিপে স্কলারি। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি এবারের বিশ্বকাপে মাত্র একটি গোল করা ফ্রেদ।
জাতীয় দলের জার্সিতে গত বছর ফিফা কনফেডারেশন্স কাপে পাঁচটি গোল করে পেয়েছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
জাতীয় দলের জার্সিতে ৩৩ ম্যাচে ১৫ গোল করা ফ্রেদ অবশ্য ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যেতে চান। তবে তার ক্লাব ফ্লুমিনিজের কাছেও কিছুদিন ছুটি চেয়েছেন ফ্রেদ।
