রদ্রিগেসের বুকে প্রতিশোধের আগুন
বিশ্বকাপের মঞ্চে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার অতীতটা সুখকর নয়। গত দুই আসরে ইউরোপের এই দলটির কাছে হেরে কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়ে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। এবার তারই প্রতিশোধ নিতে চান মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেস।
রিও দে জেনেইরোর মারাকানায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
শুধু গত দুই আসরেই নয়, ২৪ বছর আগে জার্মানির কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল লাতিন আমেরিকার দলটির। সেটা আবার ফাইনালে। অবশ্য তার আগের আসরের ফাইনালে এই দেশটিকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা।
জার্মানিকে হারিয়ে একবার শিরোপা উঁচিয়ে ধরার সুখস্মৃতি থাকলেও পরে শিরোপা হারানোর ক্ষত এবং শেষ দুই জার্মানদের কাছে বধ হওয়ার কষ্টটাই বেশি পোড়াচ্ছে রদ্রিগেসকে।
২০০৬ ও ২০১০ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ের স্মৃতি মনে করে রদ্রিগেস বলেন, “প্রথমবারেরটা ছিল বেশি কষ্টের কারণ সেবার টাইব্রেকারে বিজয়ী নির্ধারণ হয়েছিল। আর দক্ষিণ আফ্রিকায় ছিল ভিন্ন পরিস্থিতি কারণ আমরা ম্যাচে কোনো সুযোগই পায়নি।”
আট বছর আগে জার্মানি বিশ্বকাপে শেষ আটের লড়াইয়ের নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে আর্জেন্টিনা। আর গতবার তাদের ৪-০ গোলে উড়িয়ে দেয় জার্মানি। ওই দুই ম্যাচেই ছিলেন রদ্রিগেস।
তবে এবার আর নয়, প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ রদ্রিগেস বলেন, “গত দুই আসরে তারা আমাদের (টুর্নামেন্ট থেকে) ছিটকে ফেলেছিল; তাই আমি অস্বীকার করতে পারছি না, যে এবার আমি তাদের সেটা ফিরিয়ে দিতে চাই।”
“এখন এটা ফাইনাল, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে যাচ্ছি। অবশ্যই আমি প্রতিশোধ চাই”, যোগ করেন তিনি।
