আক্রমণে মেসি, রক্ষণেও মেসি!
আর্জেন্টিনা লিওনেল মেসির দল-প্রচলিত কথাটি যেন ষোলো আনাই সত্যি। আর্জেন্টিনার এই মহাতারকা শুধু প্রতিপক্ষের রক্ষণের হুমকিই নন, কখনো কখনো আর্জেন্টিনার রক্ষণেরও সহায়।
অনেক দিন ধরেই রক্ষণভাগকে আর্জেন্টিনা দলের সবচেয়ে দুর্বল জায়গা বলে আসছে সবাই। তবে এই বিশ্বকাপে নকআউট পর্বের তিনটি ম্যাচে কোনো গোল খায়নি তারা। এর মধ্যে দুটি ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিট করে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।
মাঝমাঠে বা এর একটু ওপরে মেসির উপস্থিতি আর্জেন্টিনার প্রতিপক্ষকে সবাই মিলে চূড়ান্ত আক্রমণে যাওয়া থেকে নিবৃত রাখে। কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম আর সেমি-ফাইনালে নেদারল্যান্ডসও আলেহান্দ্রো সাবেইয়ার দলের বিপক্ষে আক্রমণাত্মক মনোভাব দেখায়নি।
অবিশ্বাস্য হলেও সত্যি যে, সেমি-ফাইনালে ১২০ মিনিটের খেলায় নেদারল্যান্ডস আর্জেন্টিনার গোলে মাত্র একটি শটই নিতে পেরেছে।
সবাই খুব ভালো করেই জানে, আর্জেন্টিনার মূল শক্তির জায়গা আক্রমণভাগ। কিন্তু এই শক্তির সুফল নিতে কখনোই তারা পুরো দল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে আছড়ে পড়েনি। আক্রমণে যাওয়ার সময় প্রতি আক্রমণ ঠেকাতে অন্তত ৫/৬ জন খেলোয়াড়কে রক্ষণে রেখে যায় তারা।
মেসি, আনহেল দি মারিয়া, সের্হিও আগুয়েরো, এসেকিয়েল লাভেস্সি, গনসালো হিগুয়াইন-দুর্দান্ত এই আক্রমণভাগের পরও একটু যেন ধরে খেলছে আর্জেন্টিনা। মেসি-দি মারিয়াদের কাছ থেকে যেটা দেখতে উন্মুখ হয়ে আছে ফুটবল বিশ্ব, সেই রোমাঞ্চকর ফুটবল তারা খেলছে না। এই বিশ্বকাপে ৫টি ম্যাচ তারা জিতেছে এক গোলের ব্যবধানে।
তবে এটাও সত্য স্বাগতিক ব্রাজিলের মতো বাজে ট্যাকলের ফুটবলও আর্জেন্টিনা খেলেনি।
ফুলব্যাক পাবলো সাবালেতা ও মার্কো রোহো খুব কমই মাঝবৃত্ত পেরিয়েছেন। কখনো এই কাজটা করলেও নিজেদের অবস্থান নিয়ে খুবই সতর্ক থেকেছেন তারা। ফিরে এসেছেন ঠিক সময়ে। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যখন চূড়ান্ত আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে, তখনো সাবালেতা আর রোহো নিজেদের অর্ধেই পড়ে ছিলেন।
আর্জেন্টিনার রক্ষণ আরো দৃঢ় হয়েছে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের উপস্থিতিতে। হাভিয়ের মাসচেরানো আর ফের্নান্দো গাগো অথবা লুকসাস বিলিয়া নিজেদের কাজ ঠিকভাবেই করে যাচ্ছেন।
বার্সেলোনার হয়ে মাঝে মাঝে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলা মাসচেরানো অসাধারণ একটা বিশ্বকাপ কাটাচ্ছেন। বুধবার সেমি-ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে আরিয়েন রবেনকে পেনাল্টি বক্সের মধ্যে দুর্দান্ত এক ট্যাকল করেন মাসচেরানো। অনেকেই এটাকে এই বিশ্বকাপের সেরা ট্যাকল মনে করছেন।
এই বিশ্বকাপে কখনো কখনো মাসচেরানো নামে মাত্র মিডফিল্ডার ছিলেন, আসলে রক্ষণেই খেলেছেন।
আর বেলজিয়ামের শেষ আটের ম্যাচটিতে মেসিকে তো তার খেলার ধরণের বাইরে গিয়ে খেলতে দেখা গেছে। আর্জেন্টিনা যখন ১-০ গোলে এগিয়ে ছিল, তখন মাঝবৃত্তের কাছে বল পেয়েছিলেন মেসি। বলের কাছাকাছি আর্জেন্টিনার চার জন খেলোয়াড় থাকার পরও বলটি তিনি ব্যাক পাস করে রক্ষণে দিয়ে দেন।
জার্মানির বিপক্ষে রোববারের ফাইনালে জার্মানি কিভাবে খেলে আর কোন লাইন-আপ নিয়ে খেলে সেটা এখনই বলা মুশকিল। তবে সাবেইয়া যে রোমাঞ্চকর ফুটবল খেলার ঝুঁকি নেবেন না, সেটা নিশ্চিত করেই বলা যায়।
