২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আয়োজন সাজাচ্ছে জার্মানি

ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন ঘুরছে-আর্জেন্টিনা, নাকি জার্মানি? কে জিতবে বিশ্বকাপ? কিন্তু ফাইনালের আগে জার্মানির অধিনায়ক ফিলিপ লাম আর ফরোয়ার্ড টমাস মুলারের কথা শুনলে মনে হবে, প্রশ্নটি একেবারেই অবান্তর। তাদের পরম বিশ্বাস, শিরোপা এবার জার্মানিই জিতবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

অধিনায়ক লাম আর দলের অন্যতম সেরা তারকা মুলারের কথার সুরটা এমন ছিল যে, শিরোপা তাদের বাড়িতে পৌঁছে গেছে; শুধু নিয়ম রক্ষার জন্যই ম্যাচটি খেলতে নামছেন তারা।

জার্মানি দলটিতে প্রতিভার সংখ্যা বেশি, অভিজ্ঞতার দিক থেকেও তারা এগিয়ে আছে। আর ১৯৯০-এর ফাইনালের পর গত দুটি বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে জার্মানি।

এই বিষয়গুলো উল্লেখ করে লাম বলেন, “আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি।”

রিও দে জেনেইরোর মারকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ১টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনা।

আত্মবিশ্বাসে টইটম্বুর জার্মানি ম্যাচ-পরিকল্পনার চেয়ে শিরোপা জয়ের উৎসব সাজাতেই যেন বেশি ব্যস্ত। অন্তত মুলারের কথায় সেটাই ধরা পড়ে।

“জার্মানিতে ফোন দিয়ে আমি আমার বন্ধুদের বলছি, আমরা এখানে সর্বোচ্চ দিয়ে নামছি, কারণ তোমরা যেন বছরের সেরা সময়টা বারবিকিউ পার্টিতে উদযাপন করতে পার।”

সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেয়ার পর জার্মানির মানুষের মনে বিশ্বকাপ জয় নিয়ে আর কোনো সন্দেই নেই। তাদের বিশ্বাস ফাইনাল তো জার্মানি জিতবেই, এখন শুধু দেখার বিষয়-কত গোলের ব্যবধানে জেতে।

শিরোপা জয়ের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী হলেও ম্যাচটি সহজ হবে না বলেই মনে করেন মুলার।

“আমি ব্রাজিল ম্যাচের মতো প্রথমার্ধে আবার ৫-০ গোলে এগিয়ে যাওয়ার আশা করি না। এটা হলে তো ভালোই। আলজেরিয়া বা ফ্রান্সের মতো কঠিন ম্যাচ হতে পারে এটা। এটা কোনো ব্যাপার নয়। আমরা জানি, আমাদের কী করতে হবে।”