'জার্মান দলে নব্বইয়ের ছায়া'
দুই যুগ পর ফাইনালে জার্মানি, প্রতিপক্ষ সেই আসরের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। শিরোপা খরা ঘুচবে তিনবারের চ্যাম্পিয়নদের? ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বিশ্বাস, চতুর্থ শিরোপা জিততে যাচ্ছে তার দেশ। ইওয়াখিম লুভের দলটিতে ১৯৯০ আসরের ছায়া দেখছেন তিনি।
১৯৯০ সালে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা জার্মান দলে কোচ ছিলেন বেকেনবাওয়ার। দলের দায়িত্বে ছিলেন আগের আসরেও। সেবার এই আজেন্টিনার কাছেই ফাইনালে দলের পরাজয় দেখেছেন তিনি।
মারাকানায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে জার্মানি। এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়া ও কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জিতলেও সেমি-ফাইনালে অন্য চেহারা জার্মানির। স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো ফাইনাল নিশ্চিত করে দলটি।
২৪ বছর আগে চেকোস্লোভাকিয়া ও ইংল্যান্ডের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে বদলি খেলোয়াড়রা কিভাবে মাঠে নেমে দৌড়ে সতীর্থদের জড়িয়ে ধরত এখনো মনে আছে বেকেনবাওয়ারের।
“আপনি এখন আবার সেই একই দৃশ্য দেখছেন। উদাহরণ হিসেবে আমি পের মেরটেজেকারের কথাই বলি, সে সব সময় শুরুর একাদশে খেলেছিল, হঠাৎ ফ্রান্সের বিপক্ষে ওকে বেঞ্চে বসানো হল। তার সেই ভূমিকায় কী চমৎকার আচরণ সে করলো।”
মাঠ আর মাঠের বাইরের আচরণে লোথার মাথাউসের দলটির সঙ্গে অনেক মিল দেখেন বেকেনবাওয়ার। রোববারের ফাইনালে জার্মানিকেই তাই 'ফেভারিট' মনে করেন তিনি।
“পরিস্থিতির দিকে তাকালে, বোঝা যায় সব সুবিধা জার্মানির দিকে। আর্জেন্টিনার তুলনায় আমরা একদিন বেশি বিশ্রাম পাচ্ছি আর সেমি-ফাইনালে খেলা অতিরিক্ত সময়ে আর পেনাল্টিতে যাইনি। আমাদের দল সেরা ছন্দে আছে এবং আরো ভালো খেলতে পারে।”
ব্রাজিলকে বিধ্বস্ত করে ফাইনালে এলেও বেকেনবাওয়ারের বিশ্বাস, আর্জেন্টিনার বিপক্ষে স্বাগতিকদের পূর্ণ সমর্থন পাবে জার্মানি।
