২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ব্রাজিলের সমর্থন চায় জার্মানি

ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল বৈরিতার বিষয়টি বোধহয় ভালোমতোই জানা জার্মান ফুটবলারদের। সে জন্যই হয়তো সেমি-ফাইনালে স্বাগতিকদের লজ্জায় ডোবানোর পরও তাদের সমর্থন চেয়েছে জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 07:53 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

নেইমারবিহীন ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠা জার্মানির প্রতিপক্ষ আর্জেন্টিনা।

লাতিন আমেরিকার এই প্রতিপক্ষদের বিপক্ষেই মাঠে নামার আগে ব্রাজিলবাসীর সমর্থন চাইলেন ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেস।

আগে ব্রাজিলিয়ানরা যেভাবে জার্মানিকে সমর্থন করেছে তাতে মুগ্ধ হুভেডেস। তার দাবি, সেমি-ফাইনালে পুরোটা সময় না কি ব্রাজিলিয়ানরা তাদের জন্য চিৎকার করেছে।

রোববার শিরোপা লড়াই দেখতে প্রায় ৭৭ হাজার দর্শক আসতে পারেন মারাকানায়।

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছানো আর্জেন্টিনার লক্ষ্য তৃতীয় শিরোপা। আর চতুর্থ শিরোপার জন্য লড়বে জার্মানি।

হুভেডেসও মানেন, ফাইনালে জার্মানিই ফেভারিট। কিন্তু সঙ্গে এটাও জানান, এই তকমার কারণে লক্ষ্য থেকে বিক্ষিপ্ত হওয়ার মতো বোকা নন তারা।