ফাইনালে সুযোগই নেই আর্জেন্টিনার: রবেন
আর্জেন্টিনার কাছে হেরেই বিশ্বকাপ স্বপ্ন শেষ আরিয়েন রবেনের। সেমি-ফাইনালের এই প্রতিপক্ষের ফাইনালে কোনো আশা দেখছেন না ডাচ এই ফরোয়ার্ড।
জার্মানির ফুটবল বিষয়ক পত্রিকা কিকারকে রবেন বলেন, “জার্মানি বিশ্বকাপ জিততে যাচ্ছে। তাতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা কোনো সুযোগই পাবে না।”
গত মঙ্গলবার স্বাগতিক ফেভারিট ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করা জার্মানরা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে।
আর গত বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা।
২৮ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। পরের আসরে ফাইনালেই এর বদলা নিয়েছিল জার্মানি।
