২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচদের প্রথম পেনাল্টিতে গোললাইন পেরিয়েছিল বল?

টাইব্রেকারে নেদারল্যান্ডসের প্রথম পেনাল্টি নেয়া রুন ভ্লারের কিকটি ঠেকিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। কিন্তু চক্কর খেয়ে আবার জালের দিকে ফিরে যাওয়া বলটি কি গোললাইন পার হয়েছিল?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 03:16 PM

Updated : 11 Jul 2022, 09:18 PM

টাইব্রেকারে যাওয়া সেমি-ফাইনালে প্রথম পেনাল্টিটি ঠেকিয়ে আর্জেন্টিনাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারার উচ্ছ্বাসে ভাসছিলেন রোমেরো। টিভি ক্যামেরাগুলো এর পর ঘুরে যায় ডাচ ডিফেন্ডার ভ্লারের হতাশা-ক্লিষ্ট মুখের দিকে।

তবে অনলাইনে ছাড়া অন্য একটি ভিডিও ফুটেজে দেখা যায় রোমেরোর ঠেকানোর পর বলটি গড়িয়ে গোলের দিকে যাচ্ছে। এই ফুটেজ দেখার পর অনেকের মধ্যেই প্রশ্ন ঘুরছে- বলটি কি গোললাইন পার হয়েছে, নাকি কয়েক মিলিমিটার আগেই থেমে গেছে বল?

অনলাইনে পাওয়া ভিডিও ফুটেজটি যেটা দেখাচ্ছে, তাতে এই প্রশ্নও থেকে যায় - বলটি ভ্লারের কাঁধ স্পর্শ করেছিল কিনা। বিপরীত দিক থেকে তোলা আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, বলটি কাছে আসার সঙ্গে সঙ্গেই কাঁধ সরিয়ে ফেলছেন ভ্লার।

নিয়ম বলে, বলটি না থামা পর্যন্ত রেফারি অপেক্ষা করবেন। কিন্তু রেফারি কুনেইত চাকির দেখারও চেষ্টা করেননি, বলটি গোললাইন পার হয়েছে কিনা। এটা সম্ভবত এই কারণেই যে, তিনি জানতেন বল ভেতরে ঢুকলে গোললাইন প্রযুক্তি তাকে জানান দেবে।