২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনায় সরে দাঁড়াবেন না স্কলারি

ব্রাজিলের সুন্দর ফুটবলের শেষের শুরুটা তার হাত ধরেই। এবার মিললো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা, ভেঙে গেল ‘হেক্সা’ স্বপ্নও। ধৈর্য্যের বাঁধ যেন ভেঙে গেছে ব্রাজিলের মানুষের। সবার দাবি, সরিয়ে ফেলা হোক কোচ লুইস ফেলিপে স্কলারিকে। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলেও এখনই পদত্যাগের বিষয়ে ভাবছেন না ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 10:54 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

জার্মানির কাছে সেমি-ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর স্কলারি জানান, নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষেই এ বিষয়ে চিন্তা করবেন তিনি।

“আমাদের এখনও কাজ আছে। বিশ্বকাপের শেষ পর্যন্ত সিবিএফের সঙ্গে (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) আমাদের একটা চুক্তি আছে। আর (আমাদের) বিশ্বকাপের শেষ শনিবার।”

ওই ম্যাচ শেষে সিবিএফের সঙ্গে কথা বলেই ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান স্কলারি। 

স্কলারির রক্ষণাত্মক কৌশল আগে থেকেই ছিল সমালোচনার মুখে। বিশ্বকাপ শুরুর পর ব্রাজিলের সাদামাঠা ফুটবল দেখে সমালোচনার তির আরো ধেয়ে আসে। সবশেষে জার্মানির কাছে চরম লজ্জার হারের পর ব্রাজিলের গণমাধ্যম তো তাকে নরকে পাঠাতে পারলেই যেন বাঁচে।

গত মঙ্গলবার বেলো হরিজন্তেতে শেষ চারের ম্যাচে ৭-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে স্বাগতিক দল। বিশ্বকাপের সেমি-ফাইনালে এর আগে এতবড় ব্যবধানে আর কখনও হারেনি কোনো দল। প্রতিরোধহীন হারের পর স্কলারিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ব্রাজিলের গণমাধ্যমগুলো।

‘বিগ ফিল’ নামে পরিচিত ওই কোচকে তিরস্কার করে ব্রাজিলের ‘ও দিয়া’ দৈনিক তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে ‘নরকে যাও, ফেলিপাও’।  

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ফরোয়ার্ড জাইরজিনিয়ো বলেন, “এটা আমার দল নয়। আমি ফেলিপাওকে পছন্দ করি না। সে আমার পছন্দের কোচ নয়।” 

স্কলারির ফুটবল কৌশলের সমালোচনা করে বিবিসি স্পোর্টকে তিনি আরো বলেন, “এটা কোনো ভালো পন্থা নয়। সবসময় দলটি লম্বা পাস খেলে। তারা খুব বেশি রক্ষণাত্মক।”

২০০১ সালে স্কলারি ব্রাজিলের কোচ হওয়ার পর থেকেই ব্রাজিলের সুন্দর ফুটবল মাটি চাপা পড়তে শুরু করে। কারণ, স্কলারির কাছে সুন্দর ফুটবল নয়, সাফল্য নির্ভর ফুটবলটাই বেশি গুরুত্বপূর্ণ। তার কৌশল কাজও দেয়, ২০০২ বিশ্বকাপে পঞ্চম শিরোপাটি জেতে ব্রাজিল। তাই, ব্রাজিলের মানুষের পছন্দ না হলেও প্রতিষ্ঠা পেতে শুরু করে স্কলারির ওই রক্ষণাত্মক সাফল্য নির্ভর কৌশল।

২০১২ সালে আবারো ব্রাজিলের দায়িত্ব দেয়া হয় স্কলারিকে। স্কলারিও যথারীতি পুরনো কৌশল নিয়ে হাজির; এবারো সাবেকদের কম সমালোচনা শুনতে হয়নি ৬৫ বছর বয়সী এই কোচকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অটল থাকেন তিনি।

সমালোচকদের উপর রেগে গিয়ে স্কলারির মন্তব্য করেছিলেন, যারা তার খেলার ধরণ পছন্দ করে না, তারা গোল্লায় যাক।