সুয়ারেসের আপিল নাকচ ফিফার
জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে সব ধরণের ফুটবল থেকে চার মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লুইস সুয়ারেসের আপিল নাকচ করেছে ফিফা।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে এই কামড় কাণ্ডের জন্য নয়টি আন্তর্জাতিক ম্যাচের জন্যও নিষিদ্ধ হন উরুগুয়ের এই স্ট্রাইকার।
অবশ্য ফিফা আবেদন বাতিল করার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ রয়েছে লিভারপুল তারকা সুয়ারেসের।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমের শীর্ষ গোলদাতাকে এবার দেখা যেতে পারে লা লিগায়। স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা সুয়ারেসকে নিয়ে লিভারপুলের সঙ্গে আলোচনা করছে।
শুরুতে কামড় দেয়ার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করলেও শেষ পর্যন্ত দোষ স্বীকার করে ইউভেন্তুস ডিফেন্ডার কিয়েল্লিনির কাছে ক্ষমা চান সুয়ারেস।
ক্ষমা চাওয়ায় সন্তোষ প্রকাশ করেছিলেন ফিফা সভাপতি জেপ ব্লাটার। আর সুয়ারেসের শাস্তি বেশি হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন কিয়েল্লিনি।
প্রতিপক্ষকে কামড়ে এর আগেও দুইবার শাস্তি পান সুয়ারেস। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
আর ২০১০ সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডমে হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের অটমান বাকালকে কামড়ানোর কারণে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস।
