সুয়ারেসের শাস্তি বেশি হয়েছে: কিয়েল্লিনি
যাকে কামড়ে দিয়ে চার মাস নিষিদ্ধ লুইস সুয়ারেস, সেই জর্জো কিয়েল্লিনি মনে করছেন, শাস্তিটা বেশি হয়ে গেছে।
ইতালির বিপক্ষে বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার কিয়েল্লিনির কাঁধে কামড় দেয়ার পর সুয়ারেসকে উরুগুয়ের নয় ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। আর সব ধরণের ফুটবল থেকে চার মাস নিষিদ্ধ করা হয় তারকা এই স্ট্রাইকারকে। একই সঙ্গে ১ লক্ষ ১০ হাজার ডলার জরিমানাও দিতে হবে তাকে।
নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে ইউভেন্তুসের ডিফেন্ডার কিয়েল্লিনি জানান, ডিসিপ্লিনারি কমিটির শাস্তি তার কাছে বেশি মনে হয়েছে।
"এখন আমার মধ্যে কোনো আনন্দও হচ্ছে না; সুয়ারেসের প্রতি কোনো প্রতিশোধ অথবা রাগের অনুভূতিও নেই।"
বরং সুয়ারেসের জন্য চিন্তাই হচ্ছে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারের।
"এই মুহূর্তে আমার একমাত্র চিন্তা লুইস ও তার পরিবারকে নিয়ে; কারণ তারা একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে।"
শুক্রবার সকালে ব্রাজিল থেকে উরুগুয়ে রাজধানী মন্তেভিদিওতে ফেরেন সুয়ারেস।
