২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন সুয়ারেস

কামড় দেয়ার কথা স্বীকার করে জর্জো কিয়েল্লিনির কাছে ক্ষমা চেয়েছেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:40 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

সোমবার এক বিবৃতিতে ইতালির ডিফেন্ডার কিয়েল্লিনির কাঁধে কামড় দেয়ার কথা স্বীকার করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

একই সঙ্গে ভবিষ্যতে কখনও এমন কাণ্ড না ঘটানোর ওয়াদা করে সুয়ারেস বলেন, “যা হয়েছে তার জন্যে আমি খুবই অনুতপ্ত। জর্জো কিয়েল্লিনি এবং পুরো ফুটবল পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। সবার কাছে আমি ওয়াদা করছি যে, এরকম ঘটনা আর কখনও ঘটবে না।”

শেষ পর্যন্ত দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও শুরুতে কামড় দেয়ার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন সুয়ারেস।

কামড় কাণ্ডে সুয়ারেসকে নয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়াও ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য লিভারপুলের এই স্ট্রাইকারকে নিষিদ্ধ করা হয়েছে।

সুয়ারেসকে হারিয়ে তার দেশ উরুগুয়েও বিশ্বকাপে টিকে থাকতে পারেনি। গত শনিবার কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

বেশ কিছুদিনের জন্য ফুটবলের বাইরে ছিটকে পড়লেও যার কাছে অপরাধী সেই কিয়েল্লিনিকে অবশ্য পাশেই পাচ্ছেন সুয়ারেস। সুয়ারেসকে দেয়া ডিসিপ্লিনারি কমিটির শাস্তি ইউভেন্তুসের এই ডিফেন্ডারের কাছে বেশি মনে হয়েছে। গত মঙ্গলবার ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের ৮০তম মিনিটে অপ্রীতিকর কাণ্ডটা করেন সুয়ারেস। কিয়েল্লিনির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হঠাৎ করেই তার কাঁধে কামড় দেন তিনি। তারপরই নিজের দাঁত ধরে মাঠে বসে থাকতে দেখা যায় সুয়ারেসকে। ঘটনাটা রেফারির দৃষ্টি এড়িয়ে গেলেও পরে ফিফার তদন্তে সত্যটা বেরিয়ে আসে এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় শাস্তি পান সুয়ারেস। প্রতিপক্ষকে কামড়ে এর আগেও দুইবার শাস্তি পেয়েছেন সুয়ারেস। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। আর ২০১০ সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডমে হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের অটমান বাকালকে কামড়ানোর কারণে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।