২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানা মঞ্চে মেসির অমরত্বের অপেক্ষা

পেলে, মারাদোনা, দুই ফুটবল মহানের পাশে তার নামটা বসাতে উদ্গ্রীব ফুটবলবিশ্ব। অপেক্ষা শুধু একটা শিরোপার। মারাকানায় আরাধ্য সেই ট্রফিটা ছুঁয়ে অমরত্ব পাওয়ার সুযোগ ঠিকই পেয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 03:24 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

বুধবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোতে টাইব্রেকারে ডাচদের ৪-২ ব্যবধানে হারিয়ে স্বপ্নের শেষ সিঁড়িতে পৌছে গেছে আর্জেন্টিনা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে এই ধাপটা পেরোতে পারলেই মহান ফুটবলারদের তালিকায় পেলে-মারাদোনার পাশে বসবেন মেসি। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় এই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিলকে সেমি-ফাইনালে ৭-১ গোলে উড়িয়ে দেয়া জার্মানি।

ক্লাব ফুটবলে মেসির অর্জনের ডালাটা কানায় কানায় পূর্ণ। উপচে পড়া সাফল্যের মধ্যে আছে বার্সেলোনার হয়ে জেতা ৬টি স্প্যানিশ লিগ আর ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা; ছোট-বড় আরো অনেক শিরোপা তো আছেই।

ব্যক্তিগত অর্জনেও পরিপূর্ণ আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। মাঠের সবুজে সুন্দর ফুটবলের আল্পনা একে মেসি তার সাফল্যের মুকুটে যোগ করেন চার চারটি বর্ষসেরা ফুটবলারের খেতাব।

পায়ের কারুকাজে ফুটবল বিশ্বকে মোহিত করে নিজের ট্রফি-কেসে আরো কত ছোট বড় পুরস্কারই না জমা করেছেন আর্জেন্টিনার এই 'বিস্ময় বালক'।

তবে প্রশ্ন যখন দেশের হয়ে বৈশ্বিক অর্জনের, সেখানে মেসি রিক্তই। ২০০৮-এর অলিম্পিক সোনা আর ২০০৫ সালে যুব বিশ্বকাপের শিরোপা জয়ের কথা রেকর্ড বইয়ে লেখা আছে ঠিক, কিন্তু মানুষ কী এই দুটো মনে রাখবে!

মেসি কী মারাদোনা-তুল্য? অথবা পেলের পাশে উচ্চারিত হওয়ার মতো নাম? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে মেসির বিশ্বকাপ অভিষেকের প্রায় পর থেকেই।

ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ বিশ্বকাপ জেতেননি, হাঙ্গেরির পুসকাসেরও সেই সৌভাগ্য হয়নি, বিশ্বকাপ বঞ্চিত করেছে পর্তুগালের ইউজেবিওকেও। কিন্তু তারা ঠিকই মহান ফুটবলারদের তালিকায়ই আছেন। তবে মেসির বেলায় ফুটবল রোমাঞ্চপিয়াসীদের হিসাবটা একটু ভিন্ন- মহানদের কাতারে আসতে হলে, পেলে-মারাদোনার সঙ্গে উচ্চারিত হতে হলে তাকে বিশ্বকাপ জিততেই হবে!

মারাদোনা কিংবদন্তি হয়ে যান আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দিয়ে। পাঁচটি গোল করে এবং সমান সংখ্যক গোলে অবদান রেখে আর অসাধারণ সব ঝলক দেখিয়ে মেক্সিকোর ওই বিশ্বকাপের নায়ক হয়েছিলেন মারাদোনা।

পেলে ব্রাজিলের হয়ে জেতেন তিনটি বিশ্বকাপ-১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে।

মেসির পায়ের কারুকাজ আর অর্জন দক্ষিণ আমেরিকার এই দুই মহান ফুটবলারের মতো হলেও তাকে তাদের কাতারে এখনো কেউ ফেলছে না। কারণ ওই একটাই-একটা বিশ্বকাপ শিরোপার অভাব।

২০০৬ বিশ্বকাপে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সেবার মেসির বয়স ছিল মাত্র ১৯ বছর। চার বছর পর দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে তুঙ্গস্পর্শী ফর্মে ছিলেন মেসি। কিন্তু জার্মানির কাছে ৪-০ গোলে হেরে শেষ আট থেকে আর্জেন্টিনার বিদায় নেয়া ঠেকাতে পারেননি তিনি।

এবার জার্মানিকে এই দুটি পরাজয়ের শোধ দেয়ার বড় সুযোগ মেসির সামনে। 'জাতীয় দলের জার্সি গায়ে তিনি বড়ই মলিন'-এই সমালোচনার জবাব দেয়ার সময়ও এটা।