২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সব লজ্জার বড় লজ্জা'

১৯৫০-এর মারাকানার দুঃখের আপাতত বিদায়। কোনো আনন্দ তো নয়ই, কোনো ট্র্যাজেডিও এর জায়গা নেয়নি। ৬৪ বছর পর ব্রাজিল এবার ডুবেছে মিনেইরাও-লজ্জায়। জার্মানির কাছে উড়ে যাওয়াকে ব্রাজিলের সংবাদমাধ্যম সেভাবেই দেখছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 07:23 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই ব্রাজিলের মানুষ একটা স্বপ্ন দেখে আসছিল। ১৯৫০ বিশ্বকাপে মারাকানায় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে গিয়েছিল ব্রাজিল। এবার মারাকানায় শিরোপা জিতে সেই দুঃখ ভুলতে চেয়েছিল ফুটবল-পাগল দেশটি।

ব্রাজিলের মানুষের সেই স্বপ্ন মঙ্গলবার দুঃস্বপ্নে পরিণত হয়। বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

মিনেইরাওয়ের ম্যাচটিকে বোঝাতে গ্লোবোইস্পোর্তে শিরোনাম করেছে, "সব লজ্জার বড় লজ্জা।" আসলেই তাই, জার্মানির বিপক্ষে এই হার ব্রাজিলকে দিয়েছে তাদের সবচেয়ে বাজে পরাজয়ের তিক্ত স্বাদ। এর আগে ১৯২০ সালের কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে ৬-০ গোলে হেরেছিল সেলেসাওরা।

ক্রীড়া দৈনিক লান্সের শিরোনামটাও একই রকমের। "ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা" শিরোনামে পত্রিকাটিতে লেখা হয়, "বিশ্বের সব জায়গায় ফুটবলে-জাতি হিসেবে পরিচিত দেশটির জন্য সর্বকালের সবচেয়ে লজ্জার পরাজয় এটি।"

এস্তাদাও পত্রিকাটি এই পরাজয়কে দেখছেন "ঐতিহাসিক লজ্জা' হিসেবে।

স্কলারি সাতটি আঙুল তুলে আছেন, এমন একটি ছবি দিয়ে ফোলহা দে সাও পাওলো পরাজয়কে উল্লেখ করেছে মিনেইরাওয়ের আঘাত হিসেবে।

ব্রাজিলে তাদের জাতীয় দল এখন লজ্জার পাত্র; জার্মানিতে অবস্থা ঠিক এর উল্টো। বিশ্বকাপ সেমি-ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি গোল উপহার দেয়া ইওয়াখিম লুভের দল ভেসে যাচ্ছেন সংবাদমাধ্যমের প্রশংসায়।

বিল্ড তাদের শিরোনাম দিয়েছে, "কালস্থায়ী জয়"। আর কিকার তো এটা যেন বিশ্বাসই করতে পারছেন না, "পাগলামি! অবিশ্বাস্য! অবিশ্বাস্য!"-লিখেছে তারা।