২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ডাচরা

একদিকে লিওনেল মেসি, অন্য দিকে আরিয়েন রবেন। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস লড়াইটা বেশ জমজমাট হবে বলেই ধরে নিচ্ছে ফুটবল রোমাঞ্চপিয়াসীরা। বুধবার সাও পাওলোতে সমানে সমান লড়াই দেখার প্রত্যাশা তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

কিন্তু দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বলতে গেলে ডাচদেরই পক্ষে। এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। এর মধ্যে ৪টিই জিতেছে নেদারল্যান্ডস, একটি জিতেছে আর্জেন্টিনা; বাকি তিনটি ম্যাচ ড্র।

আটটি ম্যাচের ৪টিই আবার বিশ্বকাপে খেলেছে দুই দল। এর মধ্যে ২টি জিতেছে নেদারল্যান্ডস। ১৯৭৮ সালের ফাইনালে ডাচদের ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। বাকি ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।

সেমি-ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে সাও পাওলো, সাও পাওলো

ধারণক্ষমতা: ৬২ হাজার ৬০১

ম্যাচ শুরু: বুধবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: কুনেইত চাকির (তুরস্ক)

# দুবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা (১৯৭৮ ও ১৯৮৬)। আর নেদারল্যান্ডস বিশ্বকাপে লম্বা সময়ের বঞ্চিত দল, তিনবার ফাইনালে উঠেও শূন্য হাতে ফিরেছে তারা (১৯৭৪, ১৯৭৮ ও ২০১০)।

# ১৯৭৮ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ডাচ খেলোয়াড় রেনে ফন দে কারকফের হাতের প্লাস্টার নিয়ে আর্জেন্টিনা দলের আপত্তির মুখে ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

# এই টুর্নামেন্টে ১২ গোল করেছে নেদারল্যান্ডস, টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া কলম্বিয়ার সঙ্গে এখন পর্যন্ত যৌথ সর্বোচ্চ গোল করা দল তারা।

# এই টুর্নামেন্টে আর্জেন্টিনার করা ৮ গোলের ৪টিই করেন লিওনেল মেসি। ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেন ও রবিন ফন পের্সি করেন ৩টি করে গোল।

# বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড স্পর্শ করেছে (৫ ম্যাচ)।

# এই বিশ্বকাপে আর্জেন্টিনার ৫টি জয়ই ১ গোলের ব্যবধানে।