মেসি বনাম তিন ডাচ এবং অন্যান্য
এদিকে লিওনেল মেসিকে আটকানোর দায়িত্ব ডালে ব্লিন্ডের। ওদিকে আবার বিধ্বংসী তিন ডাচের উপর কড়া নজরদারি থাকবে আর্জেন্টিনার তিন ডিফেন্ডারের। দ্বিতীয় সেমি-ফাইনালে লড়াইয়ের ভেতরের এই লড়াইগুলোও কিন্তু হবে জমজমাট।
লিওনেল মেসি বনাম ডালে ব্লিন্ড
আধুনিক ফুটবলে এক ডিফেন্ডারের প্রতিপক্ষের নির্দিষ্ট একজনকে মার্কিং করার চল এখন আর নেই। লিওনেল মেসির ক্ষেত্রে কিন্তু তা করতে হবে নেদারল্যান্ডসকে। বিশ্বকাপে ক্রমশ পেছনে নেমে এসে খেলা তৈরির কাজটি করছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাকে রোখার বড় দায়িত্ব থাকবে ডালে ব্লিন্ডের।
নীচ থেকে বল ধরে যখন ড্রিবল করে আক্রমণে আসেন, তখনই সবচেয়ে ভয়ঙ্কর মেসি। ডাচ সেন্ট্রাল ডিফেন্সকে ব্যস্ত থাকতে হবে গনসালো হিগুয়াইনকে নিয়ে। মেসির পায়ে পায়ে থেকে তার প্রভাব সীমিত করার দায়িত্বটা পড়বে তাই বেশি করে ব্লিন্ডের ওপর। ব্রুনো মার্টিন্সের কাছ থেকেও সাহায্য পাবেন তিনি। এই দুজনের কাজ হবে পেনাল্টি এরিয়া থেকে মেসিকে যত সম্ভব দূরে রাখা।
মার্কোস রোহো বনাম আরিয়েন রবেন
আর্জেন্টিনার রক্ষণভাগের মূল কাজই হবে আরিয়েন রবেনকে ঠেকানো। সেমি-ফাইনালে ফেরা লেফট ব্যাক মার্কোস রোহোর দায়িত্বটা এক্ষেত্রে থাকবে সবচেয়ে বেশি। কেননা মূলত ডান প্রান্ত দিয়েই আক্রমণ শানান এই ফরোয়ার্ড।
কিন্তু আলবিসেলেস্তেদের জন্য সমস্যা হল, ডাচ কোচ লুইস ফন গাল রবেনকে নানা পজিশনে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করছেন। অনেক সময় মাঠের মাঝ বরাবর দিয়েও আক্রমণে ঢোকেন তিনি। এখন প্রশ্নটা হল, রবেনকে অনুসরণ করে রোহো কত দূর আসবেন। যদি মাঝ পর্যন্ত চলে আসেন, তখন তার প্রান্তটি খালি হয়ে যাবে। তাহলে কি একজন মিডফিল্ডারকে দেয়া হবে রবেনকে অনুরসরণের দায়িত্ব?
এই ডাচ জাদুকরকে ‘শান্ত’ রাখতে হলে তাই সতীর্থদের সমর্থন খুব করে প্রয়োজন হবে রোহোর।
হাভিয়ের মাসচেরানো বনাম ভেসলি স্নেইডার
২০১২ ইউরোতে বাজে খেলার পর ভেসলি স্নেইডারকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে। কিন্তু বিশ্বকাপে এসে তিনি যেন নিজেকে খুঁজে পাচ্ছেন নতুনভাবে। ফন গাল যে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলাচ্ছেন তাকে, সেটিতে ডাচ আক্রমণের সূত্রধর হয়ে গেছেন স্নেইডার। মাঝমাঠে তিনি সৃজনশীলতার ডালি মেলে ধরতে পারলে ম্যাচে অনেকখানি এগিয়ে যাবে নেদারল্যান্ডস।
কিন্তু হাভিয়ের মাসচেরানো সেটি হতে দেবেন কি? ক্লাব বার্সেলোনায় মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন তিনি। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এখনো যে বিশ্বসেরাদের একজন, বিশ্বকাপে সেটির প্রমাণ আরেকবার রাখছেন মাসচেরানো। আজ স্নেইডারের প্রভাব ম্যাচ থেকে যতটা সম্ভব কমানো হবে তার অন্যতম দায়িত্ব।
মার্তিন দেমিচেলিস বনাম রবিন ফন পের্সি
বিশ্বকাপ সেমিফাইনালে ম্যানচেস্টার-ডার্বি! ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রবিন ফন পের্সি যে মুখোমুখি হচ্ছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্তিন দেমিচেলিসের!
বিশ্বকাপের নকআউট পর্বে এসে নিষ্প্রভ ফন পের্সি। কিন্তু যদি পেটের পীড়া কাটিয়ে মাঠে নামতে পারেন এই ডাচ, তাহলে জ্বলে ওঠার সামর্থ্য আছে তার। বিধ্বংসী স্কোরিং ক্ষমতা প্রয়োগের সুযোগ যেন ফন পের্সি না পান, সেটি নিশ্চিত করার দায়িত্ব বর্তাবে আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার দেমিচেলিসের উপর। কোয়ার্টার-ফাইনালে একাদশে এসে মন্দ করেননি তিনি। তবে বেলজিয়ামে তো আর ফন পের্সির মানের কেউ ছিল না।
