২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আর্জেন্টিনার সামনে উজ্জ্বল নেদারল্যান্ডস

শেষ হয়েছে দুই যুগের অপেক্ষার। ১৯৯০ বিশ্বকাপে সর্বশেষ সেমি-ফাইনালে খেলেছিল 'আলবিসেলেস্তে'রা। কিন্তু দেশটির খেলোয়াড়-সমর্থকরা মুখিয়ে আছে আরো বড় অর্জনের জন্য। ওই দুই যুগের সঙ্গে আরো চার বছর যোগ করে তত আগের সাফল্য ছুঁতে চায় তারা। ১৯৮৬ সালের পর আবার বিশ্বকাপ জেতার পথে আর দুটি ধাপ বাকি আর্জেন্টিনার। প্রথম ধাপে সাও পাওলোর আরেনা করিন্থিয়ান্সে বুধবার বাংলাদেশ সময় রাত দুটায় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা নেদারল্যান্ডসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 03:40 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

সাফল্য খোঁজায় ডাচদের অতো খাটাখাটুনির প্রয়োজন নেই। এই তো গত বিশ্বকাপেই ফাইনাল খেলেছে তারা। কিন্তু একদিক থেকে তাদের কষ্টটা আরো বেশি। আর্জেন্টিনা না হয় ২৮ বছরের বুভুক্ষু, ডাচদের ক্ষেত্রে সেই হাহাকার যে চিরকালের! ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ তিন আসরে ফাইনালের পরাজিত প্রতিপক্ষ হিসেবে তারা দেখেছে অন্য দলের উল্লাস। এর মধ্যে মাঝের ফাইনালে তারা হেরেছিল আর্জেন্টিনার কাছে। ১৯৯৮-র কোয়ার্টার ফাইনালে ডেনিশ বার্গক্যাম্পের অবিস্মরণীয় গোলে আর্জেন্টিনাকে হারিয়ে এক দফা প্রতিশোধ নিয়েছে নেদারল্যান্ডস। সেমি-ফাইনালে আরেক দফা প্রতিশোধের জন্য তেতে আছে তারা।

তবে আর্জেন্টিনা অধিনায়কের মতো করে বোধহয় তেতে নেই কেউ। গ্রহের সেরা ফুটবলার হিসেবে গত অর্ধযুগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। অথচ তার ঝলমলে সাফল্য-ভাণ্ডারে বিশ্বকাপ ট্রফিটাই যে নেই! চলতি বিশ্বকাপে লক্ষ্য পূরণের পথে এগুচ্ছেন তিনি দারুণভাবে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দিয়েছেন গোল। নকআউট পর্বে এসে সুইজারল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গোলের মুখ দেখেননি ঠিক। কিন্তু মেসিতে যে আক্রমণের সূচনা, সেটির পরিণতিতেই তো দুই ম্যাচের জয়সূচক গোল!

বিশ্বকাপ বিবেচনায় নেদারল্যান্ডস দলে মেসির জবাব দেওয়ার মতো আছেন একজন। আরিয়েন রবেন। প্রথম ম্যাচে স্পেনকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচ দিয়ে শুরু। এরপর প্রতি ম্যাচে যেন আরো ঝলসে উঠেন এই ফরোয়ার্ড, তাঁর পারফরম্যান্সের আগুনে ঝলসে যাচ্ছে প্রতিপক্ষের পর প্রতিপক্ষ। হ্যাঁ, নকআউট পর্বে এসে ‘অরেঞ্জ’দের হয়তো ভাগ্যের কিছু সহায়তাও লেগেছে। মেক্সিকোর বিপক্ষে ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে জয় কিংবা কোয়ার্টার-ফাইনালে কোস্টা রিকার বিপক্ষে টাইব্রেকারের বিজয়। এটিকে ‘চ্যাম্পিয়নস লাক’ ধরে নিলে আর্জেন্টিনার বিপক্ষে আরো উজ্জীবিত থাকার কথা ডাচদের।

তাদের উজ্জীবিত হওয়ার মতো আরেকটি সুসংবাদও আছে কিন্তু। নাইজেল ডি ইয়োং যে আজ একাদশে ফেরার কক্ষপথে! অথচ ইনজুরির কারণে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বিশ্বকাপ শেষের ঘোষণাই দেওয়া হয়েছিল এক রকম। তিনি ফিরলে ডাচদের টানা দ্বিতীয় ফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে বৈকি। আর্জেন্টিনার একাদশে ফিরতে পারেন সের্হিও আগুয়েরো। চোট কাটিয়ে ফিরলে ফর্মে ফেরার চ্যালেঞ্জ থাকবে তাঁর। চ্যালেঞ্জ থাকবে মেসির সতীর্থ হয়ে অন্যদের সঙ্গে মিলে আনহেল দি মারিয়ার অভাব ভুলিয়ে দেওয়া। ঊরুর কারণে সেমি-ফাইনাল খেলা হচ্ছে না এই উইঙ্গারের।

আপাতত দুই দলই যেতে চায় আরেকটি ফাইনালে। আসল লক্ষ্যটা কিন্তু ছাই-চাপা। 'টোটাল ফুটবল' এর ডাচদের কাছে তা তিন-তিনবার দেখা দিয়েও মরীচিকার মতো মিলিয়ে যাওয়া ট্রফিটা স্পর্শ করা। মেসির আর্জেন্টিনার কাছে লক্ষ্যটা দিয়েগো মারাদোনার সেই সাফল্যটা ছোঁয়া। মেসি মারাকানার ফাইনালে ট্রফিটা এনে দিতে পারলে মারাদোনার সিংহাসনেও তাকে বসাবে আর্জেন্টাইনরা।