২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোসার স্বপ্ন পূরণ

ব্রাজিলে এসেছিলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে, সেটা আবার ব্রাজিলেরই সাবেক স্ট্রাইকার রোনালদোর রেকর্ড ভেঙে। ব্রাজিলের জালে বল পাঠিয়েই স্বপ্নটা পূরণ করলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 04:30 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ক্লোসা
রেকর্ডটা নিজের করে নিতে চান ক্লোসা

মঙ্গলবার সেমি-ফাইনালে স্বাগতিকদের নিয়ে জার্মানির ছেলেখেলার ম্যাচে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৬তম গোলটি করেন ক্লোসা।

১৪ গোল নিয়ে ব্রাজিল বিশ্বকাপে খেলতে আসেন ক্লোসা। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও গ্রুপ পর্বের পরের ম্যাচে ঘানার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে রোনালদোকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সী ক্লোসা।

৩ বিশ্বকাপে খেলে ১৫ গোল করেছিলেন রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকলেও সেবার কোনো ম্যাচ খেলেননি তিনি।

তবে ‘দি ফেনোমেনন’ এর রেকর্ড স্পর্শ করেও সন্তুষ্ট ছিলেন না ক্লোসা। জানিয়ে রেখেছিলেন রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছার কথা।

বেলো হরিজন্তেতে ২৩তম মিনিটেই ইচ্ছাপূরণ হয় ক্লোসা, গড়েন নতুন ইতিহাস। ডি বক্সের ভেতর থেকে ক্লোসার প্রথম চেষ্টাটি ফিরিয়ে দেন জুলিও সেজার। কিন্তু ফিরতি শট আর ফেরাতে পারেননি তিনি। ক্লোসার ওই রেকর্ড গড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি।

জাতীয় দলের জার্সিতে ক্লোসার এটা ৭১তম গোল, বিশ্বকাপের মতো জার্মানির ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা ক্লোসা।

তাছাড়া ঘানার বিপক্ষে গোলটি দিয়ে বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছিলেন ক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দুই জন হলেন কিংবদন্তি পেলে ও জার্মানির উভে জিলার।

বিশ্বকাপের সেরা পাঁচ গোলদাতা:

খেলোয়াড়

দেশ

গোল

ম্যাচ

টুর্নামেন্ট

মিরোস্লাভ ক্লোসা

জার্মানি

১৬

২৩

২০০২, ২০০৬, ২০১০, ২০১৪

রোনালদো

ব্রাজিল

১৫

১৯

১৯৯৮, ২০০২, ২০০৬

জার্ড মুলার

পশ্চিম জার্মানি

১৪

১৩

১৯৭০, ১৯৭৪

জুস্ত ফঁতেন

ফ্রান্স

১৩

৬

১৯৫৮

পেলে

ব্রাজিল

১২

১৪

১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০