২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ক্লোসা

ব্রাজিল এসেছিলেন রেকর্ড গড়ার স্বপ্ন নিয়েই। খেলতে নামার দুই মিনিটের মাথাতেই তা করে ফেললেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ঘানার বিপক্ষে দলকে সমতায় ফেরানো গোল করে এই পুরোদস্তুর স্ট্রাইকার এখন ব্রাজিলের রোনালদোর সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 04:25 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

বিশ্বকাপের মঞ্চে দুই জনেরই গোলসংখ্যা এখন ১৫। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে আরেকবার বল পাঠাতে পারলেই রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবেন ক্লোসা।

শনিবার ঘানার বিপক্ষে ৬৯তম মিনিটে মারিও গোটসের বদলি হিসেবে মাঠে নেমে ৭১তম মিনিটেই দলকে স্বস্তির সমতায় ফেরান ক্লোসা। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

ঘানার বিপক্ষে ওই গোলটি করে শুধু রোনালদোর পাশেই বসেননি ৩৬ বছর বয়সী ক্লোসা, ছাড়িয়ে গেছেন স্বদেশের সাবেক তারকা জার্ড মুলারকেও।  

২০০২ সালের বিশ্বকাপ অভিষেকেই পাঁচটি গোল করা ক্লোসা ২০০৬ বিশ্বকাপেও করেন ৫টি গোল। আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষের জালে ৪ বার বল পাঠিয়ে ১৪ গোল নিয়ে স্বদেশের জার্ড মুলারের কাতারে উঠে আসেন।

তাছাড়া বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছেন ক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দুই জন হলেন কিংবদন্তি পেলে ও জার্মানির উভে জিলার।

শনিবারের গোলটি জাতীয় দলের জার্সিতে ক্লোসার ৭০তম গোল, এটাই জার্মানির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড।