২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডটা নিজের করে নিতে চান ক্লোসা

ইতিহাস গড়ার মুহূর্তে প্রস্তুত ছিলেন মিরোস্লাভ ক্লোসা। লক্ষ্য ছুঁতে ডান পা বাড়িয়ে বল-এ আলতো একটা টোকা দিলেন। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নিলেন জার্মানির এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 11:43 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ক্লোসা

গোলটা ছিল ক্লোসার অন্য সব গোলগুলোর মতোই- চমৎকার কোনো গোল নয়, সহজাতভাবে ক্লোসা যেমন গোল করে থাকেন। তবে সবকিছুর পরে গোলটি ছিল গুরুত্বপূর্ণ, ফল নির্ণায়ক।

তবে রোনালদোর রেকর্ড ছুঁয়েই সন্তুষ্ট নন ক্লোসা। রেকর্ডটা একার করে নিতে চান তিনি।

“আমি উস-খুস করছি। আমি প্রথম হতে চাই। এটাই আমার লক্ষ্য।”

শনিবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে ম্যাচের তখন ১৯ মিনিট বাকি, ২-১ গোলে পিছিয়ে জার্মানি। কিছুক্ষণ আগেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন ক্লোসা। আর নেমেই দলকে ফেরালেন স্বস্তির সমতায়, ছুঁলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনালদোকে।

বিশ্বকাপে রোনালদো ও ক্লোসার গোল সংখ্যা ১৫টি। 

ক্যারিয়ারের শুরুতে গুরুত্বপূর্ণ গোল করার পর আনন্দের আতিশয্যে ডিগবাজি দিতেন ক্লোসা। ঘানার বিপক্ষে ম্যাচেও ক্লোসার উদযাপনের ওই ভঙ্গির দেখা মিললো। তবে তা আগের মতো শতভাগ ঠিক হয়নি।

রোনালদোর রেকর্ড ছোঁয়ার ম্যাচ শেষে ক্লোসার মুখেও শোনা গেল ওই উদযাপনের কথা, “আমি জানি না, ঠিক কত দিন আগে আমি শেষবার ডিগবাজি দিয়েছিলাম।”

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার বিষয়ে ক্লোসা বলেন, “আপনি (মাঠে) নেমেই ম্যাচ পাল্টে দিতে চাইবেন। ২০টি (বিশ্বকাপ) ম্যাচ, ১৫ গোল কোনোভাবেই খারাপ নয়।”   

রেকর্ড গড়তে পারায় ক্লোসাকে অভিনন্দন জানিয়ে জার্মানির কোচ ইওয়াখিম লুভ বলেন, “রোনালদোর সঙ্গে মিরোস্লাভ (ক্লোসা) একই কাতারে উঠতে পারায় আমি খুব খুশি।”

লোর মতে, ক্লোসার রেকর্ড ছোঁয়ার গোলটি তার ক্যারিয়ারের রোমাঞ্চকর একটা ঘটনা। তাছাড়া এটা ক্লোসার জীবনের জন্যে এবং দলের সবার জন্যেও সেরা একটা মুহূর্ত বলে মনে করেন কোচ লো।

ঘানার বিপক্ষে ওই গোলটি করে শুধু রোনালদোর পাশেই বসেননি ৩৬ বছর বয়সী ক্লোসা, ছাড়িয়ে গেছেন স্বদেশের সাবেক তারকা জার্ড মুলারকেও। 

তাছাড়া বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছেন ক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দুই জন হলেন কিংবদন্তি পেলে ও জার্মানির উভে জিলার।

শনিবারের গোলটি জাতীয় দলের জার্সিতে ক্লোসার ৭০তম গোল, এটাই জার্মানির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড।

বিশ্বকাপের সেরা পাঁচ গোলদাতা:

খেলোয়াড়

দেশ

গোল

ম্যাচ

টুর্নামেন্ট

রোনালদো

ব্রাজিল

১৫

১৯

১৯৯৮, ২০০২, ২০০৬

মিরোস্লাভ ক্লোসা

জার্মানি

১৫

২০

২০০২, ২০০৬, ২০১০, ২০১৪

জার্ড মুলার

পশ্চিম জার্মানি

১৪

১৩

১৯৭০, ১৯৭৪

জুস্ত ফঁতেন

ফ্রান্স

১৩

৬

১৯৫৮

পেলে

ব্রাজিল

১২

১৪

১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০