আলজেরিয়ার দায়িত্ব ছাড়লেন হালিলহোদিচ
সবার অনুরোধ উপেক্ষা করে বিশ্বকাপে আলজেরিয়াকে সাফল্য এনে দেয়া ভাহিদ হালিলহোদিচ কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
বসনিয়ার এই কোচের অধীনে বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিল বিশ্বকাপের একমাত্র আরব দেশটির।
জার্মানির কাছে হারলেও তিনবারের চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছিল আলজেরিয়া। আর গ্রুপ পর্বে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারায় আলজেরিয়া। শেষ ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে ওঠে দলটি।
বিশ্বকাপে দলের এমন দারুণ পারফরম্যান্সের পর কোচের দায়িত্বে থাকার জন্য হালিলহোদিচকে অনুরোধ করেছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
কিন্তু নতুন চ্যালেঞ্জের প্রত্যাশায় আলজেরিয়াকে বিদায় বলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১১ সালের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে আলজেরিয়ার দায়িত্ব নেন হালিলহোদিচ।
