ওজিলের ওপর ভরসা রাখছে জার্মানি
এই বিশ্বকাপে নতুন ভূমিকায় খেলছেন মেসুত ওজিল। তবে অনেকেই সমালোচনা করছেন, নতুন জায়গায় খুব একটা ঝলক দেখাতে পারছেন না আর্সেনালের এই মিডফিল্ডার। তবে ওজিলের খেলায় সন্তুষ্ট জার্মানির কোচিং স্টাফ।
৪-২-৩-১, অতীতে জার্মানি দলের এই ফর্মেশনের প্রাণভোমরা হিসেবে খেলতেন ওজিল। দারুণ কিছু গোল আর অসাধারণ সব পাসের ঝলকে মুগ্ধতায় ভরিয়ে দেয়া ফুটবল খেলেন তিনি।
তবে ২০১০ বিশ্বকাপ আর ২০১২ ইউরোতে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয়ার তিক্ত অভিজ্ঞতা কোচ ইওয়াখিম লুভকে একটু বেশি রক্ষণাত্মক করে তুলেছে। ফর্মেশনটা ৪-৩-৩ করে দেন তিনি। আর এই ফর্মেশনে ওজিল আরেকটু জায়গা নিয়ে খেলছেন।
বেলো হরিজন্তেতে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি।
সাংবাদিকদের ফ্লিক বলেন, "আপনারা যেভাবে দেখেন, আমরা এর চেয়ে একটু ভিন্নভাবে বিষয়টি দেখি। মেসুত যেখানে অভ্যস্থ এখন এর চেয়ে ভিন্ন একটা জায়গায় খেলছে এবং ওর কাজ এখন ভিন্ন।"
ওজিল এখন উইং থেকে বেশি জায়গা নিয়ে খেলছেন। আর এই জায়গায় তিনি যা করছেন, তাকে সন্তুষ্ট ফ্লিক।
"আমরা ওজিলকে নিয়ে সন্তুষ্ট। সে বল নিয়ে আমাদের খেলায় আরো আত্মবিশ্বাস নিয়ে আসে এবং সবসময় পাস দেয়ার জন্য প্রস্তুত থাকে।"
