২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে নেই দি মারিয়া, ‘ফিট’ আগুয়েরো

নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার উইঙ্গার আনহেল দি মারিয়া। তবে স্ট্রাইকার সের্হিও আগুয়েরো খেলার উপযোগী হয়ে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 12:52 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে গনসালো হিগুয়াইনের গোলে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটির উৎস ছিলেন দি মারিয়া। তবে ৩৩তম মিনিটে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

রোববার চিকিৎসকরা চোটের জায়গা পরীক্ষা করে জানায়, ডাচদের বিপক্ষে আর খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ তারকা দি মারিয়া।

দ্বিতীয় রাউন্ডের অতিরিক্ত সময়ে দি মারিয়ার গোলেই সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠেছিল আর্জেন্টিনা। সাও পাওলোতে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অনুশীলনে ফিরেছেন স্ট্রাইকার আগুয়েরো। ম্যানচেস্টার সিটির ২৬ বছর বয়সী এই তারকা পেশির চোটের কারণে দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার-ফাইনালের ম্যাচ খেলতে পারেননি।