নেইমারের চোটে দুঃখ প্রকাশ সুনিগার
নেইমারের চোটের জন্য দুঃখ প্রকাশ করেছেন কামিলো সুনিগা। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কলম্বিয়ার এই ডিফেন্ডারের কারণেই। তবে নেইমারকে হাঁটু দিয়ে আঘাতের ঘটনাটি ইচ্ছাকৃত নয় বলে দাবি করেন তিনি।
ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জেতা ম্যাচে শুক্রবার পিঠে চোট পান নেইমার।
ম্যাচের ৮৮তম মিনিটে বল দখলের জন্য হেড দিতে উঠেছিলেন সুনিগা। তার হাঁটু আঘাত করে নেইমারের পিঠে। ব্যথায় কাতরাতে থাকা নেইমারকে হাসপাতালে নেয়ার পর জানা যায় দার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে। এই বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন-সারথির।
সুনিগা বলেন, "ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে নেইমার যে চোটে পড়েছে, এর জন্য আমি গভীর ভাবে দু:খিত। যদিও আমি মনে করি, এই পরিস্থিতি খেলার সাধারণ একটা অংশ। তাকে চোটে ফেলার উদ্দেশ্য ছিল না আমার। অথবা আমার দিক থেকে কোনো অবহেলাও ছিল না।"
নেইমারের এই চোটের পর ব্রাজিল জুড়ে সুনিগার সমালোচনা শুরু হয়েছে। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো এটিকে দেখছেন ইচ্ছাকৃত কাজ হিসেবে। ব্রাজিলের সাধারণ মানুষ ফিফার কাছে সুনিগার শাস্তি দাবি করে যাচ্ছে।
তবে সুনিগা যাই বলুন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফিফা।
