২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সমালোচনায় উইলমটস

আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর প্রতিপক্ষের সমালোচনায় মেতেছেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। এবারের আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ‘সাধারণ’ মানের দল বলেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:00 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

শুধু সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নয়, উইলমটস সমালোচনার তির ছুড়লেন দলটির মহাতারকা লিওনেল মেসিকে লক্ষ্য করেও।

উইলমটসের অভিযোগ, শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে এবং সময় নষ্ট করে বেলজিয়ামের স্বাভাবিক খেলা নষ্ট করেছে আর্জেন্টিনা।

ম্যাচের অষ্টম মিনিটেই গনসালো হিগুয়াইনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষপর্যন্ত ওই গোলটিই ফল নির্ধারক হয়। আর বেলজিয়ামের কোচের মতে, ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার কারণেই এমন নির্মম ফুটবল খেলেছে আলেহান্দ্রো সাবেইয়ার দলটি।

তার দল লাতিন আমেরিকার দেশটির মতো খেললে নাকি বেলজিয়ামের গণমাধ্যমের তীব্র সমালোচনার শিকার হতেন উইলমটস।

তিনি আরো বলেন, “আর্জেন্টিনা খেলার ছন্দ নষ্ট করেছে, একটা থ্রো করতে তারা ৩০ সেকেন্ড সময় নিয়েছে। তাতে রেফারি কিছুই করেনি, এভাবেই তারা আমাদের খেলার ছন্দ ও গতি নষ্ট করেছে।”

আর মেসির সমালোচনায় বেলজিয়ামের কোচ বলেন, “মেসি তারকা খেলোয়াড় এবং সে কখনই বল হারায় না। কিন্তু সে কয়েকবার ট্যাকল ও ফাউল করেছে, রেফারি তার বিপক্ষে যায়নি। প্রতিবারই ছোটখাট ফাউল হয়েছে কিন্তু প্রায় সময়ই রেফারি আর্জেন্টিনার পক্ষে ছিল।”