নেইমারের চোটে কষ্ট আর্জেন্টিনা কোচের
চোটের কারণে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
২৪ বছর পর দুইবারের চ্যাম্পিয়নদের শেষ চারে পৌঁছে দেয়া সাবেইয়া মনে করেন, বিশ্বকাপ থেকে নেইমার ছিটকে পড়ায় পুরো ফুটবল বিশ্বই মর্মাহত।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সেমি-ফাইনাল পর্যন্ত আসায় সবচেয়ে বড় অবদান নেইমারের। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের শেষ দিকে পিঠে মারাত্মক চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় বার্সেলোনা তারকা নেইমারের।
শনিবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছানো পর সাবেলা বলেন, "যখন ফুটবল খেলতাম, আমি ছিলাম একজন দক্ষ ১০ নম্বর... তাই আমি ভালো ফুটবল দেখতে পছন্দ করি। অসাধারণ খেলোয়াড়দের দেখে আমি আনন্দিত হই।"
তিনি মনে করেন, অসাধারণ কুশলী একজন ফুটবলারকে হারালে ফুটবল বিশ্বের অশ্রু ঝরে। শুধু কোচ হিসেবেই না দর্শক হিসেবেও কষ্ট পেয়েছেন সাবেইয়া।
"একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে খারাপ হতে পারে চোট। বিশেষ করে বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ সময়ে, যার জন্য সে দীর্ঘ সময় ধরে স্বপ্ন দেখেছে আর পরিশ্রম করেছে।"
নেইমারকে হারানোয় ব্রাজিল শিবিরের হতাশা বুঝতে পেরেছেন বলে জানান সাবেইয়া। আর্জেন্টিনার কোচ জানান, নেইমারকে জানাতে চান, তার এই কঠিন সময়ে তিনি সঙ্গে আছেন।
